হেফাজত-পুলিশ সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

রবিবার সকাল থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত, এই দু’দিনে র্যাব, পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের দু’জন ও বিজিবি’র একজন সদস্য রয়েছেন। বাকিরা হেফাজতের কর্মী-সমর্থক ও নিরীহ পথচারী বলে জানা গেছে। তবে হেফাজতে ইসলাম দাবি করেছে, রবিবার শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের আগেই তাদের ১৬ কর্মী নিহত হন, আর গভীর রাতে অভিযানে অসংখ্য কর্মী নিহত ও আহত হয়েছেন। গতকাল নারায়ণগঞ্জের সাইনবোর্ড-কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘর্ষে ১৭ জন, বাগেরহাটে ২ জন এবং চট্টগ্রামে ৭ জন কর্মী নিহত হন বলেও দাবি করে হেফাজত।তবে দু’দিনে নিহতের সংখ্যার প্রকৃত তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিশেষ করে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থানকারী লক্ষাধিক নেতা-কর্মী-সমর্থককে সরিয়ে দিতে রবিবার দিবাগত রাত আড়াইটায় শুরু হওয়া অভিযানের সময় ঠিক কতজন নিহত ও আহত হয়েছেন, তা নিয়ে এক এক পক্ষ থেকে এক এক রকম দাবি করা হচ্ছে। গণমাধ্যমেও ভিন্ন ভিন্ন তথ্য এসেছে। কেউ বলেছে, অভিযানের সময় হেফাজতের ৭ জন কর্মী নিহত হন, কারও দাবি ১৫-২০ জন। গতকাল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের এক সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা অভিযোগ করেছেন, গভীর অন্ধকার রাতে শাপলা চত্বরে অভিযানের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ মারা গেছে, শত শত লাশ গুম করা হয়েছে। তবে এই সাঁড়াশি অভিযানের সময় হতাহতের প্রকৃত তথ্য সম্পর্কে সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে এনিয়ে দেখা দিয়েছে সন্দেহ, উঠেছে নানা প্রশ্ন। হেফাজতে ইসলাম দাবি করেছে, রবিবার শাপলা চত্বরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের আগেই পুলিশের গুলিতে তাদের ১৬ কর্মী নিহত হন। এদের মধ্যে কেউ ঘটনাস্থলে, গুলিবিদ্ধ গুরুতর আহতদের কেউ পরবর্তীতে ইসলামী ব্যাংক হাসপাতাল, আল বারাকা হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তবে পুলিশের বক্তব্য ভিন্ন। পুলিশের দাবি শাপলা চত্বরে অভিযানের আগে সংঘর্ষে রবিবার ৩ জন মারা গেছেন। র্যাবের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, শাপলা চত্বর থেকে ৪টি লাশ উদ্ধার করা হয়েছে। পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগ ও সন্দেহের কারণেই নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে এই বিভ্রান্তি। এদিকে, রবিবার দিনের বেলায় সংঘর্ষের ঘটনায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে ৫টি মৃতদেহ তাদের মর্গে রয়েছে বলে কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন। এছাড়া আল বারাকা হাসপাতালে ২ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ৪টি লাশ রয়েছে বলেও জানান চিকিত্সকরা। এই হিসাবেই অভিযানের আগে রবিবার সংঘর্ষে মারা গেছে অন্তত ১১ জন। অন্যদিকে, শাপলা চত্বরে অভিযানের পর মতিঝিলের আশপাশে ৩টি মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে বলে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর ‘সংবাদ সংলাপ’ অনুষ্ঠানে দেখানো হয়েছে। গতরাতে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের নেতারা দাবি করেন, শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশ, র্যাব, বিজিবি ও সরকারি দলের সন্ত্রাসীরা তাদের ২০ হাজারেরও বেশি নেতা-কর্মীকে পঙ্গু করেছে। গভীর রাতে শাপলা চত্বরে অভিযানের নামে হাজার-হাজার কর্মী-সমর্থককে গুলি করে হত্যা করা হয়। ট্রাক, পিকআপ ভ্যান ও অ্যাম্বুলেন্সে করে এসব লাশ গুম করা হয়েছে বলেও দাবি করেন হেফাজতের নেতারা। তবে হেফাজতে ইসলামের উপদেষ্টা ও বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী গতকাল ইত্তেফাককে বলেন ‘হতাহতের সঠিক সংখ্যা আমরা এখনও সংগ্রহ করতে পারিনি। এ ব্যাপারে কাজ চলছে।’ রবিবার শাপলা চত্বরের সমাবেশে অংশ নেয়া কেন্দীয় নেতাসহ তার পরিচিতজনদের মধ্যে কেউ নিখোঁজ রয়েছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন ‘না, এরকম কোনো খবর এখনও পাইনি।’ এদিকে, গতকাল কাঁচপুরে সংঘর্ষ চলাকালে ৪ জন পরিবহন শ্রমিক নিহত হন বলে জানিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। গতকাল এক বিবৃতিতে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, কাঁচপুর ব্রিজ সংলগ্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় ট্রাক চালক মিজানুল হক, বাস চালক বাবু গাজী এবং হেলপার জুয়েল ও জসিম নিহত হন। মন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।