বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস থেকে ছেড়াদ্বীপ
প্রকাশ : ০৭ মে ২০১৩, ১৯:২৮
ক্লাসে আসা, ক্লাস থেকে ফেরা। খাওয়া-দাওয়া তার পরে ঘুম। প্রতিদিনই চলে এরকম রুটিন মাফিক জীবন যাপন। রুটিন মাফিক জীবন কাটাতে কাটাতে হঠাত্ সুযোগ হলো নিজের দেশকে চেনা, জানা, সর্বোপরি প্রকৃতির সাথে কথা বলা। একদিকে সমুদ্র আর একদিকে পাহাড়। অজানাকে জানা সৌন্দর্য আর ভ্রমণ পিয়াসু মানুষের এক নেশা। আর এ ভ্রমণে যদি একই বিভাগের সকল শিক্ষার্থী মিলে করা যায় তাহলে আর কি লাগে। ঠিক সে রকমই আনন্দে ভাসল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা। যাওয়ার প্রস্তুতিস্বরূপ সকলেই নিজেদের ব্যাগ গুছিয়ে নিল একদিন আগেই। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। যাত্রার উদ্দেশ্য রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সেন্টমার্টিন ও ছেড়াদ্বীপ।
দিনটি ছিল বৃহস্পতিবার। সকলেই বিকাল ৬ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে এসে উপস্থিত হলো। কেউ ছবি তুলছে, কেউ ব্যাগ দেখছে সব কিছু নিয়েছে কিনা। সোয়া ৬ টার মধ্যেই গাড়ি ছেড়ে দিল। পাহাড়ের আঁকা-বাঁকা পথ অতিক্রম করে আমরা রাঙামাটি এসে পড়লাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সকলে আসি ঘোরার উদ্দেশ্যে। বের হলাম রাঙামাটির কাপ্তাই দেখার উদ্দেশ্যে।
প্রকৃতি এতো সুন্দর হতে পারে, না দেখলে বিশ্বাস হতো না। মিতুল, ফারিন, সিঁথি, সোনিয়া, তারিনের মুখ দেখে বোঝা যাচ্ছিল প্রকৃতির রূপ দেখে সত্যিই মুগ্ধ। তারপর যাত্রা বান্দরবানের উদ্দেশ্যে। গন্তব্য বান্দরবানের নীলগিরি, চিম্বুক পাহাড় এবং শৈল প্রপাত। চাঁদের গাড়িতে করে শুরু হলো আমাদের ভ্রমণ। আঁকা-বাঁকা রাস্তার মধ্যদিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে খুব দ্রত গতিতে গাড়ি এগিয়ে যায়। মেঘ যেন হাত দিয়ে ছুঁতে চাইছে মারফু, বাপ্পি, খুশি, মাসুম, ঈমন, মওদুদ, সবুজ, মন্টি। মেঘ ছুঁতে ছুঁতে কোন সময় যে নীলগিরি এসে পড়েছি বুঝতেই পারলাম না। ওখানকার নয়নাভিরাম পাহাড় দেখে সত্যিই মন ছুঁয়ে যায়।
সমুদ্র সমতল থেকে প্রায় ৮০০ মিটার উঠেছি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবার চাঁদের গাড়িতে করে স্বর্ণ মন্দির দেখে আবার গাড়ি করে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা। পরের দিন ভোরে সেন্টমার্টিনে যাবার জন্য টেকনাফের উদ্দেশ্যে যাত্রা। দু’ঘন্টা ভ্রমণের পর জাহাজ সেন্টমার্টিনের পাড়ে নোঙর তোলে। সেখানকার সুমিষ্ট নারিকেলের পানি খেতে লাগল সকলে।
হোটেলে উঠার সাথে সাথে সকলে নীল পানিতে গোসলের জন্য প্রস্তুতি নেয়। হাসি আর গল্পে মুখরিত হয় সেখানকার পুরো জায়গা। পরের দিন ট্রলারে করে ছেড়াদ্বীপে যায় সকল শিক্ষার্থীরা। লোকজন শূন্য ছেড়াদ্বীপে ঘুরে আর প্রবাল নিয়ে আবার ট্রলারে করে জাহাজ ঘাটে আসা। সেন্টমার্টিন দ্বীপ ঘোরা শেষে আবার কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা। সকালে সূর্যদয় আর বিকালে সূর্যাস্ত যদি সাগরপাড়ে গিয়ে দেখা না যায় তাহলে পুরো ভ্রমণটাই বৃথা। পরে সকল শিক্ষার্থী সাগরে ঝাপাঝাপি করে আবার হোটেলে ফিরে। পরেরদিন সকালে ভগ্ন মনোরথ নিয়ে সকলে আবার বাসে করে ফিরে আসে। এসফর আমাদের নিজেদের সেতুবন্ধন আরও একতাবদ্ধ করেছে। জীবনে অনেক সফর করেছি। কিন্তু সকল বন্ধুদের সাথে শিক্ষার উদ্দেশ্যে যে সফর আমরা করলাম তা কোনদিন ভুলার নয়।