নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত

ইত্তেফাক ডেস্ক

আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানসহ নানা আয়োজনে বুধবার সারাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী পালিত হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

কুমারখালি (কুষ্টিয়া): কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তী উত্সব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে কুঠিবাড়ি আঙিনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরওয়ান জাহান বাদশা। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, কুমারখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান প্রমুখ।

সাতক্ষীরা: বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

ঝিনাইদহ: ঝিনাইদহে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান।

কিশোরগঞ্জ: জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আবদুল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মাসউদ, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ): শাহজাদপুরে রবীন্দ্র মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার আহমেদ শামীমের সভাপতিত্বে স্থানীয় সাংসদ হাসিবুর রহমান স্বপন, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, ইউএনও নাজমুল হোসাইন খান প্রমুখ বক্তব্য রাখেন।

ত্রিশাল (ময়মনসিংহ): ত্রিশালে রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিষ্ট নিতাই চন্দ্র রায়। ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এনবিএম ইব্রাহিম খলিল রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক সাব্বির রেজা, ক্লাবের সাবেক সভাপতি এটিএম মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিনহাজ প্রমুখ।