ক্লাসের ফাঁকে কাজ

করিডোর দিয়ে হাঁটতে গিয়ে চোখ আটকে গেলো। তিনটি হাস্যোজ্জ্বল মেয়ে ভর্তিচ্ছুদের তথ্য দিচ্ছেন। ‘আপনারা যদি পড়তে চান তাহলে এসব সুবিধা পাবেন’। ওরা স্টুডেন্ট। তাদের ভাগ্যে জুটে গেছে চাকরি নামের সোনার মুকুট! চট্টগ্রাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে এমনই সব মেধাবী শিক্ষার্থীকে সুযোগ দেয়া হচ্ছে খন্ডকালীন চাকরিতে। প্রতি সেমিস্টারে যারা ভালো ফলাফল করছেন তারা পড়ালেখার পাশপাশি এখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। মাস শেষে গুনছেন চকচকে কিছু নোট। ছাত্রজীবন বলে কথা। যেখানেই পড়াশোনা, সেখানেই আবার চাকরি। বিষয়টি বিদেশে দেখা গেলেও এখানে একেবারেই নতুন। যারা খন্ডকালীন চাকরির সুযোগ পাচ্ছেন তারা যথাসময়েই ক্লাস করছেন। পরীক্ষা দিচ্ছেন মনের আনন্দে। প্রতিদিন দুই ঘন্টা করে অফিসের কাজ করতে হয়। পরীক্ষা থাকলে কর্তৃপক্ষ তা বিবেচনায় নিয়ে তাদের সহযোগিতা করে। একসময় উচ্চ শিক্ষার পাঠ চুকিয়ে তারা প্রমাণ করতে পারবেন নিজেদের দক্ষ হিসেবে। পাবেন খন্ডকালীন কাজের বিশেষ অভিজ্ঞতাপত্রও। প্রতিষ্ঠানটির সহকারি রেজিস্ট্রার ফাতেমা হারুন ডেইজি বলেন, ‘যারা প্রতি সেমিস্টারে জিপিএ ৩.৫০ পাবেন তাদেরকেই কেবল কাজ করার সুযোগ দেয়া হয়। এটা পড়ালেখার পাশাপাশি নিজেদের দক্ষ হয়ে গড়ে তোলার বাড়তি আনন্দের প্রতিযোগিতাও বলতে পারেন।’ এই পর্যন্ত সেখানে বিভিন্ন বর্ষের ১০ জন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে খন্ডকালীন কাজ করার সুযোগ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই বিষয়ে কথা হয় কাজের সুযোগ পাওয়া ৩ ছাত্রীর সঙ্গে। জানতে চাইলে ভীষণ খুশি বলে তারা জানালেন। ওদের ভাষায় ‘ভালোই তো। কাজ করে আনন্দ পাচ্ছি। একই সঙ্গে শেখাও হচ্ছে। মাস শেষে বাড়তি টাকাও আসছে। সবকিছু মিলিয়ে মন্দ না।’ এই বিষয়ে রেজিস্ট্রার আরিফ মাহমুদ খান বলেন, ‘বাইরের দেশে অনেক উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে এমন কাজ করার সুযোগ আছে।’