রবীন্দ্রনাথের চিঠি এবং শহীদ মামুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রিয়কবি এবং আমাদের জাতীয় সংগীতের রচয়িতা। তিনি গল্প, কবিতা, গান, নাটক ও উপন্যাস লিখে বাংলাসাহিত্যের ভাণ্ডার পূর্ণ করেছেন। ছোটদের জন্য লিখেছেন দুহাত ভরে। ছোটদের জন্য রচিত গল্প, ছড়া, কবিতা, নাটক ও গানের পাশাপাশি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ব্যাকরণ এবং ইংরেজি শেখার বই ও ছন্দ শেখার বইও লিখেছেন। আবার কোমলমতি শিশুদের বর্ণ শেখার জন্য ‘সহজপাঠ’ রচনা করেছেন। পরিণত বয়সে ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। আসলে তিনি ছিলেন বাংলা মায়ের বরপুত্র। রবীন্দ্রনাথ ঠাকুর একাশি বছর বেঁচে ছিলেন। জীবদ্দশায় তিনি পৃথিবীর নানা দেশ ভ্রমণ করেছেন। পৃথিবীর নামজাদা মানুষের সংগে ছিলেন তার জানাশোনা ও বন্ধুত্ব। আমাদের দেশের অনেকেই ছিলেন তার গুণগ্রাহী এবং ভক্ত। তার লেখা পড়ে অনেকেই তার সংগে দেখা করেছেন, আবার চিঠি লিখে মন্দলাগা-ভালোলাগাটুকু জনিয়েছেন। চিঠির মাধ্যমে কবির সংগে সম্পর্ক বজায় রেখেছেন অনেকে। ভাবতে অবাক লাগে ভক্ত ও অনুরাগীদের চিঠি পেয়ে কবি কোনদিন বিরক্ত হয়নি। বরং চিঠি প্রাপ্তির পর কবি স্বয়ং নিজ হাতে পত্র প্রেরকের কাছে উত্তর পাঠিয়েছেন। হাজার হাজার চিঠির উত্তরলেখা চাট্টিখানি কথা নয়। আবার কাউকে কাউকে এককভাবে শতাধিক চিঠি লিখেছেন। রবীন্দ্র সাহিত্যের এক বিরাট অংশ জুড়ে রয়েছে কবির লেখা পত্রাবলী। পৃথিবীর কোন কবিতার অনুরাগী বা পাঠকদের কাছে এতো চিঠি লেখেননি। পাঠকদের সংগে ছিলো কবির সুসম্পর্ক। অসীম ধৈর্য ও পরিশ্রমের বিনিময়ে এ সম্পর্ক তিনি আজীবন বজায় রেখেছেন। বিদেশি বন্ধুদের পাঠানো চিঠির উত্তর লিখেছেন যথাসময়ে। রবীন্দ্রনাথের চিঠি সম্পর্কে চারুচন্দ্র ভট্টাচার্য লিখেছেন রবীন্দ্রনাথের দীর্ঘজীনের বিভিন্ন পর্বে লিখিত অগণিত চিঠিপত্র প্রাচুর্যের দিক দিয়ে রবীন্দ্র-রচনার একটি প্রধান অংশ; কবির মানসলোকের অনেক মহলের রহস্যকুঞ্চিকা এই চিঠিপত্রের মধ্যেই গোপন আছে এবং রবীন্দ্র-জীবনীসৌধ গঠনের অনেক উপকরণ এই পত্রধারার মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত রয়েছে। এই চিঠিপত্রের যতটা অংশ এ পর্যন্ত গ্রন্থাকারে সংবদ্ধ হয়েছে, তার চেয়ে অনেক বেশি সাময়িক পত্রের পৃষ্ঠায়ও ব্যক্তিগত সংগ্রহে আবদ্ধ আছে। আমরা জানি কবি নিজেই ছিন্নপত্র, ভানুসিংহের পত্রাবলী, পথে ও পথের প্রান্তে নামে তিনখণ্ড পত্র সংগ্রহ সম্পাদনা করেন। এই তিনটি খণ্ডের চিঠিগুলো শ্রীশচন্দ্র মজুমদার, ভাইঝি ইন্দিরা দেবী, নির্মল কুমার মহলানবিল ও শ্রীমতি রানু দেবীকে লেখা। এছাড়া ‘চিঠিপত্র’ শিরোনামে আরো তেরটি খণ্ড প্রকাশিত হয়েছে বিশ্বভারতী থেকে। এসব চিঠি রবীন্দ্রনাথ তার স্ত্রী মৃণালিনী দেবী, বড় ছেলে রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা, কন্যা মাধুরী, মীরা, দৌহিত্র্য নীতিন্দ্রনাথ, দৌহিত্রী নন্দিতা ও পৌত্রী নন্দিনীকে লেখা। এছাড়া কবি চিঠি লিখেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, জ্ঞাননন্দিনী, বড়দাদা, ইন্দ্রিরা দেবী, প্রমথ চৌধুরী, জগদীশচন্দ্র বসু, কাদম্বিনী দেবী, প্রিয়নাথ সেন, জামাতা নগেন, দীনেশ চন্দ্র সেন, অমিয় চক্রবর্তী, রামান্দ চট্টোপাধ্যায়, হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখকে। চিঠিপত্রের তের খণ্ডে এদের কাছে লেখা কবির শত শত চিঠি সংকলিত হয়েছে। কবি ও সাহিত্যিক এবং সম্পাদকদের কাছে লেখা তার চিঠি প্রকাশিত হয়েছে অন্য গ্রন্থে। সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু ও অজিত দত্তকে তিনি নিয়মিত চিঠি লিখেছেন। কাজী নজরুল ইসলামকেও কবি চিঠি লিখেছেন। আমাদের দেশে এয়াকুব আলী চৌধুরী, কাজী আবদুল ওদুদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ মোজাম্মেল হক, সুফিয়া কামাল, ডাক্তার আর আহমদ, বন্দে আলী মিয়া, শামসুন্নাহার মাহমুদ, কবি জসীমউদদীন, স্যার আজিজুল হক, কাজী মোতাহার হোসেন, অধ্যাপিকা আমিনা খাতুন, রেজাউল করিম, আবদুল কাদির, খান মহাম্মদ মঈনুদ্দীন, হুমায়ুন কবির ও আবুল ফজল কবির চিঠি পেয়ে ধন্য হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু বড়দের চিঠির উত্তর দিয়েছেন? না, তিনি ছোটদের চিঠি পেলেই সাথে উত্তর লিখে পাঠিয়েছেন পত্রপ্রেরকের কাছে। সেকালে আমাদের দেশের সাড়ে পাঁচ বছরের শিশু মামুন মাহমুদ, বগুড়ার ভি.এম গার্লস স্কুলের ছাত্রী জেবউন নিসা, চট্টগ্রামের পনের বছরের ছাত্র ফেরদৌস খান, ময়মনসিংহ জেলা স্কুলের চৌদ্দ বছরের ছাত্র সাহালাম ও কিশোরী ফিরদৌস করিম রবীন্দ্রনাথের চিঠি পেয়ে সৌভাগ্য অর্জন করেছেন। পরবর্তীকালে এরা স্ব-স্ব ক্ষেত্রে সুনাম অর্জন করেন এবং বিশেষ ব্যক্তিত্বরূপে প্রতিষ্ঠা ও খ্যাতি লাভ করেন। এদের মধ্যে জেবউন নিসা হলেন জেবউন নিসা জামাল ও সাহালাম হলেন আশরাফ সিদ্দিকী। রবীন্দ্রচিঠি প্রাপক শিশু মামুন মাহমুদ আমাদের কাছে অপরিচিত নয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তার জীবনদানে আমরা গর্বিত। পড়াশোনা শেষ করে তিনি মহান ভাষা আন্দোলনে যোগদান করেন। ১৯৭১ সালে তিনি ছিলেন পুলিশের ডিআইজি। মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতি ও সমর্থনের কারণে তাকে ১৯৭১ সালের ২৬ মার্চ পাকসেনারা বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। মামুনের বাবার নাম ডাক্তার ওহীদ উদ্দীন মাহমুদ, মায়ের নাম শামসুন্নাহার মাহমুদ। তিনি ছিলেন সুসাহিত্যিক ও শিক্ষাবিদ। মামুনের মামা বিখ্যাত ব্যক্তি হাবীবুল্লাহ বাহার। মামুনের প্রকৃত নাম সালাহউদ্দীন মাহমুদ। শৈশবে রবীন্দ্রনাথের ‘সহজপাঠ’ পড়ে তিনি কবিকে চিঠি লেখেন এবং তার প্রতি অনুরাগী হন। ১৯৩৪-এর ১৩ আগস্ট মামুন রবীন্দ্রনাথকে পেন্সিল দিয়ে একটি চিঠি লিখেছিলেন। ওই চিঠির পাঠ ঃ কবি, আমি একটা ছোট ছেলে। বয়স সাড়ে পাঁচ। আমার মা ও মামা বুলবুল সম্পাদক। আমি তোমার সহজপাঠ পড়েছি। বড় হলে তোমার সব বই পড়ব। তুমি নাকি ছোটদের খুব ভালবাস। তাহলে আমার চিঠির জবাব দিও। আমি আর একটু বড় হলে শান্তিনিকেতনে তোমায় দেখতে আসব। ইতি মামুন মাহমুদ মামুন মাহমুদের এই চিঠির উত্তরে রবীন্দ্রনাথ ১৪৩৪-এর ১৭ আগস্ট হাওড়া জেনারেল হাসপাতালের ঠিকানায় এই চিঠি লেখেন ঃ বত্স তুমি যখন আমার সহজপাঠ পড়েছ তখন বিনা পরিচয়েই আমার সঙ্গে তোমার জানাশোনা হয়ে গেছে। তাই এখন থেকেই তোমাকে নিমন্ত্রণ করে রাখছি বয়স হলে শান্তিনিকেতনে আমার সঙ্গে দেখা করতে এসো— হয়তো দেখা হতেও পারে—খুব শ্রীঘ্র করে যদি বড় হতে পারো তাহলে সাক্ষাত্ অসম্ভব হবে না। তাই বলছি খুব তাড়া করো। ইতি ১৭ আগস্ট ১৯৩৪ শুভার্থী রবীন্দ্রনাথ ঠাকুর এমনি করে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের কাছ থেকে পাওয়া চিঠির জবাব দিয়েছেন। বরিশালের অধ্যাপিকা কাজী আমিনা বেগম ও কমরেড আবদুশ শহীদও কৈশোরে রবীন্দ্রনাথের চিঠি পেয়ে ধন্য হয়েছিলেন। ছোটদের তিনি ভীষণ ভালোবাসতেন। রবীন্দ্রনাথ মৃত্যুর তিন মাস আগে তিনি ২টি ছড়ার বই লিখেছেন। বই দুটির শিরোনাম দিতে পারেননি তিনি। আজ এই মহান কবির জন্মদিন, আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তথ্যসূত্র:রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র:ভূইয়া ইকবাল বাংলা একাডেমী * চিঠিপত্র:বিশ্বভারতী গ্রন্থ বিভাগ, কলিকাতা * ছিন্নপত্র:রবীন্দ্রনাথ ঠাকুর—ঐ।