শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

শেয়ারবাজারে টানা কয়েকদিন দরপতনের পর সোমবার ছিল অনেকটাই উত্তাপহীন। তবে গতকাল মঙ্গলবার উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। এদিকে লেনদেন বাড়লেও তা দুইশ’ কোটি টাকার গণ্ডি পেরুতে পারেনি। এ নিয়ে টানা ১২ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন হয়েছে দুইশ’ কোটি টাকার নিচে। আইডএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, হেফাজতে ইসলামের কর্মসূচীকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার যে আশঙ্কা করা হয়েছিল তা কিছুটা কমে আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় প্রায় ৭৪ শতাংশ বেড়েছে। গতকাল বাজারে ইঞ্জিনিয়ারিং খাতকে ঘিরে বড় ধরনের লেনদেন হয়েছে। আর খাত ভিত্তিক দর বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল পোশাক খাত। এ খাতের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৩৪ শতাংশ। সাধারণ বীমা খাতের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১ দশমিক ৭৪ শতাংশ। ডিএসই’র তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৪ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক বেড়েছে ৪৬ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৭ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৮৮ কোটি ৫৪ লাখ ৯৭ হাজার টাকা। লেনদেনকৃত ২৭৩ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৯টির, কমেছে ২২টির এবং অপরিবর্তীত রয়েছে ১২টির। এদিকে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সভায় আইন ভঙ্গের দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে মাইডাস ফাইন্যান্স লিমিটেড এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডকে রাইট শেয়ার সংক্রান্ত নীতিমালা ভঙ্গের দায়ে ২ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদনে লোকসান থাকার পরও রাইট ইস্যু সংক্রান্ত মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করায় এবং কমিশনের নিকট রাইট শেয়ার ইস্যুর অনুমোদনের জন্য আবেদন করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রাইট ইস্যু) রুল, ২০০৬ এর ৩ (এইচ) লঙ্ঘন হয়েছে। তাই মাইডাস ফাইন্যান্সকে জরিমানা করা হয়েছে। মাইডাস ফাইন্যান্স লোকসানে থাকার পরও কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর জন্য ডিউ ডিলিজেন্স প্রদান করায় লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডকে জরিমানা করা সিদ্ধান্ত গ্রহণ করে বিএসইসি। এছাড়া আইন ভঙ্গ করার কারণে ফনিক্স সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।