রফতানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

দেশের রফতানি বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। এজন্য প্রতি বছর কি পরিমাণ পণ্য রফতানি করা হবে তার লক্ষ্যমাত্রাও ঠিক করে এ প্রতিষ্ঠান। তবে সাধারণত সে লক্ষ্যমাত্রা কোন বছরই পূরণ হয় না। এ বছরও রফতানির লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ১০ মাসের (জুলাই- এপ্রিল) রফতানি তথ্য দেখে এমন আশঙ্কাই করেছেন রফতানিকারকরা। ইপিবির সর্বশেষ হিসাবে দেখা গেছে, অর্থবছরের ১০ মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ১৪ শতাংশ। তবে এ সময় পর্যন্ত নেয়া লক্ষ্যমাত্রার চেয়ে তিন দশমিক ৩১ শতাংশ পিছিয়ে রয়েছে। অর্থবছরের প্রথম থেকে যে ধারায় রফতানি হচ্ছে তাতে বাকি দুই মাসে রফতানি পুরো অর্থবছরের জন্য নেয়া লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে রফতানি বিশ্লেষণে দেখা যায়। ইপিবির তথ্যমতে, এপ্রিল পর্যন্ত সময়ে দেশ থেকে দুই হাজার ১৭৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১৪ শতাংশ বেশি। তবে এ সময়ে দুই হাজার ২৫২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করার লক্ষমাত্রা ছিল। অন্যদিকে একক মাস হিসেবে গত এপ্রিল মাসে আগের বছরের একই মাসের তুলনায় রফতানি বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। তবে এ মাসের জন্য নেয়া লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ১৯ শতাংশ কম রফতানি হয়েছে। এপ্রিল মাসে ২৩৪ কোটি ১০ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ২০৭ কোটি ৯১ লাখ ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ১৮৯ কোটি ৯ লাখ ডলারের পণ্য। পরিসংখ্যানে দেখা গেছে, রফতানি আয়ের প্রধান নিয়ামক তৈরি পোশাকের মধ্যে ওভেন পোশাক রফতানির লক্ষ্যমাত্রা পূরণ করলেও নিট পোশাক খাতে চলতি অর্থবছরের ১০ মাসের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। আলোচ্য সময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ওভেন পোশাক খাতের রফতানি ১৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এসময়ে ৮৯২ কোটি ৫৩ লাখ ডলারের রফতানি হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে এক দশমিক ৫১ শতাংশ বেশি। আর নিটওয়্যার খাতে রফতানি হয়েছে ৮৩৮ কোটি ১৮ লাখ ডলারের। যা লক্ষ্যমাত্রার তুলনায় এক দশমিক ৮২ শতাংশ কম এবং গতবছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৯৩ শতাংশ বেশি। এছাড়া হোম টেক্সটাইল ও স্পেশালাইজড টেক্সটাইল লক্ষ্যমাত্রা ও প্রবৃদ্ধি অর্জনে দিক থেকে অনেকখানি পিছিয়ে রয়েছে। অন্যদিকে আলোচ্য সময়ে রফতানি আয়ে ইতিবাচক ভূমিকা রেখেছে কৃষি ও কৃষিজাত পণ্য, ফার্মাসিটিকালস, চামড়াজাত পণ্য, কসমেটিকস, হ্যান্ডি ক্রাফট্স, কাগজ ও কাগজজাত পণ্য, চট ও চটের ব্যাগ, কার্পেট, ফুটওয়্যার প্রভৃতি।