ঝুঁকিপূর্ণ ভবনে ধস আতঙ্ক অব্যাহত

দেশের বিভিন্ন জায়গায় সরকারি-বেসরকারি ভবনে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে জরাজীর্ণ স্কুল-কলেজ, হাসপাতালগুলোতে ধসের আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ইত্তেফাক সংবাদদাতাদের রিপোর্ট। রামগঞ্জ (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোন্দড়া প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করায় শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে ও বসতঘরে। ভবনের কয়েকটি পিলার ভেঙ্গে যাওয়ায় এবং শ্রেণিকক্ষে অনবরত ছাদ খসে পড়ে ৭/৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণ বাঁচানোর স্বার্থেই উপজেলা প্রশাসন, এসএমসি, অভিভাবক ও এলাকার শিক্ষানুরাগীরা বৈঠকে মিলিত হয়ে গত ২রা মে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। প্রধান শিক্ষিকা সুরাইয়া আক্তার বলেন, স্থানীয় আনোয়ার হোসেন ৩ মাসের জন্য নিজের বসতঘর পাঠদানের জন্য ছেড়ে দিয়েছেন। উক্ত ঘরে ২ শতাধিক শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় বাকি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করাতে হচ্ছে। গুরুদাসপুর (নাটোর) নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের একমাত্র ভবনটিতে ফাটল দেখা দিয়েছে। ওই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় ভবনের সামনের গাছতলায় চলছে পাঠদান। ওই অবস্থা চলছে গত দুই মাস ধরে। স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী নাছরিন জানায়, সামনে তাদের এসএসসি পরীক্ষা। এ কারণে তারা গাছতলায় বসে ক্লাস করছে। কিন্তু প্রচণ্ড রোদের কারণে অনেক কষ্ট হচ্ছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) চৌদ্দগ্রামে প্রায় অর্ধশত বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। জরাজীর্ণ এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলা সদরের চৌদ্দগ্রাম এইচ জে পাইলট উচ্চ বিদ্যালয়, বাতিসা মাধ্যমিক বিদ্যালয়, সলাকান্দি উচ্চ বিদ্যালয়, চাঁন্দিশকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়ন্তীনগর প্রাথমিক বিদ্যালয়, তারাশাইল প্রাথমিক বিদ্যালয়, লুদিয়ারা প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় ও বদরপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার প্রায় অর্ধশত প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ভবনের আংশিক ও পুরোটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাহার হোসেন ও উপজেলা প্রকৌশলী লিয়াকত আলী সরেজমিনে পরিদর্শন করে তারাশাইল প্রাথমিক বিদ্যালয়ের ৩টি কক্ষ, লুদিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ৩টি কক্ষ, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের ২টি কক্ষ ও বদরপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন বন্ধ করে রাখার নির্দেশ দেন। রায়পুরা (নরসিংদী) রায়পুরা উপজেলা পরিষদে পাকিস্তান আমলে স্থাপিত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এক ভবনে দীর্ঘদিন ধরে চলছে সরকারি দুই দপ্তরের কার্যক্রম। দপ্তরগুলো হচ্ছে-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা প্রাণি সম্পদ অফিস। ভবনটির ছাদে বিভিন্ন স্থানে ছোট বড় অসংখ্য ফাটল দেখা দিয়েছে। যে কোন মুহূর্তে ভবন ধসে পড়ার আশংকায় বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কর্তৃপক্ষ রয়েছে নীরব। ছাতক (সুনামগঞ্জ) ছাতকে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে জাবা মেডিক্যাল সেন্টারের কার্যক্রম। দুটি পুরান ভবন একসাথে করে উপরে আরো অপরিকল্পিত ৪ তলা নির্মাণ করে জাবা জেনারেল হাসপাতাল নামে সাইনবোর্ড টানিয়ে পরবর্তীতে গত ২৯ মার্চ জাবা মেডিক্যাল সেন্টার নামে এর উদ্বোধন করা হয়। ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী জানান, বিল্ডিং নির্মাণের সময় পৌরসভার কোন অনুমোদন নেয়া হয়নি। বোরিং, সয়েল টেস্ট কিছুই করা হয়নি বিল্ডিং নির্মাণের সময়। বাগমারা (রাজশাহী) রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুত্সা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের তিনটি কক্ষেই ফাটল দেখা দিয়েছে। শিক্ষক শিক্ষার্থীরা আতংকে মধ্যে ওই ভবনে ক্লাস করছেন। বিদ্যলয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, ভবনে ফাটল ধরায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে লিখিত ভাবে অবহিত করা হয়েছে। ফুলবাড়ি (দিনাজপুর) দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির কারণে হেলেদুলে যাওয়াসহ বড় ধরনের ফাটল ধরায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলোতেই চলছে ক্লাস-পরীক্ষা। জীবন-মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা-কর্মচারীসহ শিক্ষার্থী। এ কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে আশংকাজনকহারে। কয়রা (খুলনা) খুলনার কয়রা উপজেলার আদালত ভবনে ছাদ, পিলার ও দেয়ালের অসংখ্য জায়গায় ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। দেড় বছর আগে গণপূর্ত বিভাগ এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় জোড়াতালি দিয়েই চলছে বিচারিক কার্যক্রম।