কুমিল্লার রিটেইনিং ওয়াল ধসের চার কারণ

তদন্ত কমিটির প্রতিবেদন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নোয়াগাঁও এলাকার সেই রিটেইনিং ওয়াল চার কারণে ধসে পড়েছে। কুসিক কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া।

গত বছরের জুন মাসে কুসিকের ২১ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও চৌমুহনী এলাকায় সড়কের পাশে একটি রিটেইনিং ওয়াল নির্মাণ শুরু হয়। নির্মাণ শেষ হওয়ার দুই মাসের মধ্যে চলতি বছরের গত ১৮ এপ্রিল রাতে সেটি ধসে খালের ভেতর পড়ে যায়। এ নিয়ে ইত্তেফাকে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া জানান, রিটেইনিং ওয়ালটি ধসে পড়ার ঘটনায় ২০ এপ্রিল কুসিক এর প্রধান প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ ও নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়াকে সদস্য করে তিনজনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারা তদন্ত কার্যক্রম সম্পন্ন করে মঙ্গলবার বিকালে প্রতিবেদন দাখিল করেছেন। নির্মাণের দুই মাসের মধ্যে ওয়ালটি ধসে পড়ার জন্য প্রতিবেদনে চারটি কারণ উল্লেখ করা হয়েছে। কারণগুলো হচ্ছে- নকশা পরিপন্থী কাজ, ওয়াল তৈরির সময় ওই সড়কে রেলওয়ের অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল, এক্সকাভেটর দিয়ে মাটি অপসারণের কারণে ওয়ালের নিচের মাটি সরে যাওয়া এবং ওয়ালের গা ঘেঁষে ভারি যন্ত্রপাতি চলাচলের কারণে সেটি দুর্বল হয়ে যাওয়া।

কমিটির আহ্বায়ক সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ধসে পড়া ওয়াল ভেঙে নতুন করে নকশা অনুযায়ী পাইল ও কলাম করে কাজ করতে এবং রিটেইনিং ওয়ালের পাশে ১.৫ মিটার প্রস্থের ফুটপাত নির্মাণ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।