শেরপুরে ধান কাটায় কম্বাইন্ড হারভেস্টার
ঘণ্টায় বস্তাবন্দী হচ্ছে ছয় কাঠা জমির ধান
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২০:৪৯
মাত্র এক ঘন্টায় কাটা হয়ে গেল ছয় কাঠা জমির ধান। কেবল ধান কাটা নয়, একেবারে মাড়াই হয়ে বস্তাভর্তি হয়ে যায়। কম্বাইন্ড হারভেস্টার নামের একটি যন্ত্র দিয়ে অল্প সময়ে ধান কাটা সম্ভব হয়। অথচ এ জমির ধান শ্রমিক দিয়ে কাটতে গেলে পুরো একটি দিনই লেগে যেতো। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে অল্প সময়ে অধিক শস্য কর্তন করা যায়। এতে শ্রমিক সংকট, সময় ও অর্থেরও সাশ্রয় হয়। কৃষি খামার যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় কৃষি বিভাগ সোমবার বিকেলে শেরপুর সদর উপজেলার কাজির চর এলাকায় কম্বাইন্ড হারভেস্টার নামের একটি যন্ত্র দিয়ে শস্য কর্তন মাঠ দিবসের আয়োজন করে। এ সময় শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তারা জানান, প্রতিটি হারভেস্টার মেশিনের দাম ১২ লাখ টাকা। সরকার কৃষি খামার যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় হারভেস্টার মেশিন ক্রয়ে শতকরা ৩০ ভাগ ভর্তুকি দিয়ে থাকে। কিস্তিতে এ যন্ত্রটি ক্রয়ের সুযোগ রয়েছে। এটি দিয়ে দৈনিক ১৫ থেকে ২০ একর জমির ধান কাটা যায়। ভাড়ায় খাটিয়ে অল্প দিনেই মেশিনের টাকা তুলে নেয়া সম্ভব। কয়েকজন কৃষক গ্রুপ করে এ যন্ত্রটি কিনলে কৃষক লাভবান হতে পারে।