লিবিয়ায় দু’টি মন্ত্রণালয় অবরোধ করে রেখেছে বিদ্রোহীরা

গাদ্দাফির আমলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরকারি পদে নিষিদ্ধ ঘোষণা করে রবিবার লিবিয়ার পার্লামেন্টে একটি আইন পাস সত্ত্বেও অস্ত্রধারী বিদ্রোহীরা দেশটির বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয় অবরোধ করে রেখেছে। এদিকে, বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপ সোমবার মন্ত্রণালয়ের বাইরে অবস্থান করলেও তারা তাদের নতুন দাবিগুলো নিয়ে কোনো মতৈক্যে পৌঁছাতে পারেনি। এদের মধ্যে অনেকে সরকারের পদত্যাগ দাবি করেছে। বিদ্রোহীদের একটি গ্রুপের নেতা এবং সুপিরিয়র কাউন্সিল অফ লিবিয়ান রেভুলুুশনারিজ-এর ভাইস প্রেসিডেন্ট ওসামা কাবার বলেন, ‘(প্রধানমন্ত্রী) আলী জিদান পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। রাজনৈতিক বর্জন নিয়ে পাস করা নতুন আইনটি সঠিক নির্দেশনার একটি পদক্ষেপ। কিন্তু আইনটির বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য আমরা সময়। অন্যথায় আমরা আলী জিদান সরকারের পদত্যাগে বদ্ধপরিকর।’ এর আগে বিদ্রোহীদের চাপের মুখে লিবিয়ার পার্লামেন্ট গাদ্দাফির শাসনামলে দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের সরকারি পদে নিষিদ্ধ ঘোষণা করে রবিবার একটি আইন পাস করে। এর ফলে সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা তাদের চাকরি হারাবেন। এদের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী আলি জিদান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ মেগারেফও রয়েছেন। আলি জিদান ও মোহাম্মদ মেগারেফ গাদ্দাফি সরকারের আমলে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। গাদ্দাফি সরকারের কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে গত ২৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন অবরুদ্ধ করে লিবীয় বিদ্রোহীরা। ওই ঘটনার এক সপ্তাহের মাথায় আইন পাস করলো লিবিয়ার জেনারেল ন্যাশনাল কংগ্রেস। রবিবার আইনটি নিয়ে পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে আইনের পক্ষে ১৬৪ ভোট এবং বিপক্ষে চারটি ভোট পড়ে। ভোটাভুটির বিষয়টি লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এ আইনটি পাস হওয়ায় যারা ১৯৬৯ থেকে ২০১১ পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন তারা পদচ্যুত হবেন।