সংবাদ কণিকা
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২০:৫১
ইটালির কৃষ্ণাঙ্গ মন্ত্রী
ইটালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রী হিসেবে স্থান পেলেন সেসিলে কিয়েঙ্গে। যদিও গোঁড়া দক্ষিণপন্থিদের মধ্যে কয়েকটি গোষ্ঠি কিয়েঙ্গের নিয়োগের সমালোচনা করেছে। এদিকে ইটালির সুশীল সমাজ কিয়েঙ্গের বিরুদ্ধে সমালোচনার প্রতিবাদ জানিয়েছেন। সব সত্ত্বেও, ইটালিতে জাতিবাদ যে শুধু ফুটবলে নয়, সমাজের বিভিন্ন স্তরে ও পর্যায়ে দৃষ্টিগোচর হয়ে উঠছে, সেটা নিশ্চয় কিয়েঙ্গের অজ্ঞাত নয়। সংহতি মন্ত্রী হিসেবে সেখানেই তাকে কাজ শুরু করতে হবে। গত রবিবার প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার সরকার শপথ গ্রহণ করে।—ডয়েচে ভেলে
কমে যেতে পারে পাখি
অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানির স্তর বেড়ে যাওয়ায় পরিযায়ী পাখিরা তাদের খাবারের স্থান হারিয়ে ফেলবে। ফলে হারিয়ে যেতে পারে বেশ কয়েকটি প্রজাতি। প্রতি বছর হাজার হাজার পরিযায়ী পাখি রাশিয়া ও আলাস্কা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। কিন্তু সাগরের পানি বেড়ে গেলে এই জায়গাগুলো হারিয়ে যেতে পারে। তাদের মতে, সাগরের পানি বেড়ে পরিযায়ী পাখিদের বিশ্রাম এলাকার ২৩ থেকে ৪০ শতাংশ কমে গেলে প্রায় ৭০ শতাংশ পাখি কমে যেতে পারে।¬—এএফপি
গুগল গ্লাসে ভিডিও
সার্চ জায়ান্ট গুগলের প্রযুক্তিপণ্য ‘গুগল গ্লাস’ পরা অবস্থায় এর বিল্ট ইন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন ব্যবহারকারী। এছাড়াও বেশকিছু প্রযুক্তির সন্নিবেশ করা হয়েছে গ্লাসটিতে। অ্যাপটির নির্মাতারা জানিয়েছেন, অ্যাপটির মাধ্যমে গুগল গ্লাসের ভিডিও সামাজিক যোগাযোগ সাইট টুইটারেও শেয়ার করতে পারবেন ব্যবহারকারী।—রয়টার্স