আর কদিন পরেই পাওয়া যাবে রাজশাহীর আম

আমের কথা উঠলেই রাজশাহীর আমের কথা এসে যায়। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমের উত্পাদন সবচেয়ে বেশি হয়। এ সময় শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। গাছ থেকে আম চাষীরা পাকা আম নামানোর পর থেকে আমের কেনা-বেচা শুরু হয়। প্রকাশ, আর কিছুদিনের মধ্যেই মৌসুমী ফল আমের স্বাদ পাওয়া যাবে। রাজশাহী কৃষি সমপ্রসরাণ অধিদপ্তর সূত্র মতে, এই মৌসুমে রাজশাহী জেলার গোদাগাড়ীসহ অন্যান্য উপজেলাতে আমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৮৬ হেক্টর জমিতে। এখান থেকে এবার আমের উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ১০ হাজার ৪৮৮ মেট্রিক টন। গত বছর এই জেলায় আমের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫০২ হেক্টর জমিতে। সেখানে অর্জিত হয় ৮ হাজার ৯৮৬ হেক্টর জমিতে। ফল গবেষণা কর্মকর্তাদের দাবি, এবার আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্পার ফলন হবে। সেক্ষেত্রে গত বছরের তুলনায় কয়েক হাজার মেট্রিক টন আম বেশি উত্পাদন হবে। তবে তার আগে আমের গুটির বাড়তি পরিচর্যা নিতে হবে। তাহলেই আশানুরূপ আমের উত্পাদন পাওয়া যাবে।