বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পাঁচ তরুণ নেতা, উদ্যোক্তা, সমাজকর্মী, শিল্প বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, সমাজকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় ফিউচার ইয়ুথ সামিট-২০১৮। গত ১৬-১৮ নভেম্বর মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ে ফিউচার ইয়ুথ সামিট-২০১৮ অনুষ্ঠিত হয়। এই সামিটের যৌথ আয়োজক ছিলেন কমনওয়েলথ সেক্রেটারিয়েট, কমনওয়েলথ ইয়ুথ কাউন্সিল ও কমনওয়েলথ ইয়ুথ ইনোভেশন সেন্টার।
সামিটে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাটরিসিয়া স্কটল্যান্ড, ভারতের প্রখ্যাত লেখক ও সমাজকর্মী বন্দনা শিবা। এ ছাড়া রাশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইথিওপিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা যোগ দেন।
বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তের বসবাসরত তরুণদের মধ্যে প্লাটফর্ম তৈরি করার লক্ষ্যেই আয়োজন করা হয় ফিউচার ইয়ুথ সামিট-২০১৮। নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা শেয়ার করার একটি মাধ্যমও সৃষ্টি হয় এর মধ্য দিয়ে। ডিজিটালাইজেশন, ইনক্লুসিভিটি, ক্রিয়েটিভটি ও সাসটেইনেবিলিটির ওপর আলাদা আলাদা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এই সামিটে।
বাংলাদেশ থেকে এক্সিকিউটিভ মেম্বার (নির্বাহী সদস্য) হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের শিক্ষক সরোজ মেহেদী।
তিনি জানান, ‘এই সামিটে অংশগ্রহণ করার অন্যতম লক্ষ্য ছিল বাংলাদেশকে নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া। বাংলাদেশ শুধু শ্রমিক উত্পাদন করে না, এই দেশে অনেক ভালো স্কলার ও তরুণ লিডারও আছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার মতো কিছু দেশ বাংলাদেশকে নিয়ে অনেক নেগেটিভ ধারণা পোষণ করে রাখে। এই সামিটে বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে কিছুটা হলেও দূর হয়েছে বলেও মনে করেন তিনি।
তিনি আরও জানান, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ২০২০ সালের কমনওয়েলথ ইয়ুথ সামিট ঢাকাতে আয়োজন করা। কিন্তু সরকারের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া কোনো সংগঠন বা ব্যক্তির পক্ষে এত বড় আয়োজন করা সম্ভব হবে না।’
সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পার্লামেন্ট মেম্বার মারিয় চেইন আব্দুল্লাহ, নামিবিয়ার হাই-কমিশনার এ্যানি নামাকও মতিলু, রিপাবলিক অব টাটারাস্তান রাশিয়ার ইয়ুথ অ্যাফেয়ারর্স মিনিস্টার দামির ফাত্তাহোব, সানওয়ে এডুকেশন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ড. এলিজাবেথ লি, মালয়েশিয়ান ইয়ুথ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইজাজ আফিদি, ড. বান্দা নাশিভা, ইউএনডিপির কো-অর্ডিনেটর জুল ফারিদাহ, কমন ওয়েলথের বিজনেস ওমেন নেট ওয়ার্কের চিফ ডাইরেক্টর আরিফ জামান, কেএফসি এশিয়ার ডিজিটাল ম্যানেজার সাইবা সিং, কোকাকোলার ডিরেক্টর অব কমিউনিকেশনস অফিসার ভেলিন্দাফর্ড।
বাংলাদেশ, স্কটল্যান্ড, ভারত, রাশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইথিওপিয়াসহ ৫৩টি দেশের সমাজকর্মী, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও পাঁচ শতাধিক তরুণ উদ্যোক্তা এ সামিটে অংশ নেন।