গার্মেন্টসশিল্পে বিপর্যয়ের আশঙ্কা
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২০:৫৭
বাংলাদেশের অর্থনীতিতে পোশাকশিল্পের গুরুত্ব অত্যন্ত বেশি। চাহিদা অনুযায়ী সুলভ শ্রমিক, নিশ্চিত বাজার, লাভজনক খাত হওয়ায় অতি অল্প সময়ে এ শিল্পের প্রসার ঘটেছে। এ খাত গড়ে প্রতি বছর ২১.৫৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করছে। দেশের মোট রপ্তানি আয়ে দ্রুত বিকাশমান পোশাকখাতের অবদান প্রায় ৭৯ ভাগ। দেশে এ মুহূর্তে পাঁচ সহস্রাধিক গার্মেন্টস রয়েছে, যেখানে প্রায় ৪০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। গত শতকের আশির দশকে এ শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। এটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্প।
ঘন ঘন হরতাল এবং এই সেক্টরে একের পর এক সংঘটিত দুর্ঘটনার কারণে সম্ভাবনাময় শিল্পটির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। ‘ঘন ঘন হরতালে পোশাকশিল্পের অস্তিত্ব থাকবে না’ শিরোনামে গত ১৭ মার্চ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘন ঘন হরতাল আহবানের ফলে তৈরি পোশাকশিল্পের অপূরণীয় ক্ষতি হচ্ছে। বিশেষ করে এ পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের মাঝারি ও ছোট কারখানাগুলোর রুগ্ণ শিল্পে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বিঘ্নিত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। প্রতিবেদন থেকে জানা যায়, এর ফলে আমদানিকৃত কাঁচামালের চালান বন্দর থেকে খালাস করা, সময়মতো পণ্য সরবরাহ করা সম্ভব না হওয়ায় বিদেশি ক্রেতারা ক্রয় আদেশ বাতিলের হুমকি দিচ্ছেন। সবচেয়ে অগ্রসরমান এবং সম্ভাবনাময় এই শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন আজ সুদূর পরাহত।
হরতাল চলাকালে রাশিয়া থেকে পোশাকশিল্পের কয়েকজন ক্রেতা ঢাকা এসেও শুধু হরতালের কারণে বিমানবন্দর থেকেই স্বদেশে ফিরে যান (ইত্তেফাক, ৮ এপ্রিল’১৩)। বিজিএমইএ সূত্র অনুযায়ী সামপ্রতিক চলমান রাজনৈতিক অস্থিরতায় প্রায় চার হাজার কোটি টাকার রপ্তানি আদেশ হারিয়েছে তৈরি পোশাকখাত (ইত্তেফাক, ৮ এপ্রিল’১৩)।
বিগত দিনগুলোতে অনেকবার গার্মেন্টসে অস্থিরতা দেখা দিয়েছে। শ্রমিক অসন্তোষের জেরে ভাংচুরের শিকার হয়েছে গার্মেন্টসগুলো। এদেশের গার্মেন্টসশিল্পের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে কিংবা প্রতিযোগিতায় বাংলাদেশকে পেছনে ফেলতে বিদেশি একটি চক্র সুপরিকল্পিতভাবে এই দেশের গার্মেন্টসশিল্পকে ধ্বংস করতে তত্পর। তখন একটি পক্ষ এমনটিই প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। ২০১২ সালে বিনা শুল্কে বাংলাদেশ ইইউতে রফতানি করে ১৩.৭৭ বিলিয়ন ডলার। অথচ ১২ শতাংশ শুল্ক দিয়ে ভারত রপ্তানি করেছে ৫৭ বিলিয়ন ডলার। বাংলাদেশের চেয়ে ভারতসহ আরো কয়েকটি দেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে বিদেশিরা এই মুহূর্তে বেশি আগ্রহান্বিত। শ্রমিকদের ন্যায্য প্রাপ্য এবং উপযুক্ত মজুরি থেকে বঞ্চিত করায় বিভিন্ন সময়ে শ্রমিকদের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে। অথচ আমরা কখনো বিষয়টিকে গুরুত্ব দেইনি, যার পরিণতি আজকের কঠিন বাস্তবতা।
কয়েক মাস আগে আশুলিয়ার ‘তাজরীন ফ্যাশনে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক পুড়ে মারা যায়। সেই ক্ষত শুকাতে না শুকাতেই ‘রানা প্লাজা’ ধসে শত শত শ্রমিক অকাল মৃত্যুর মিছিলে শামিল হয়। এ সমস্ত দরিদ্র পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তির মৃত্যু মানেই পুরো পরিবারের মৃত্যু। কারণ এদের সঞ্চয় বলতে কিছুই না থাকায় কর্মক্ষম ব্যক্তির মৃত্যু মানে পরিবারের অবশিষ্ট সদস্যদের অনাহারে থাকা। শ্রমিকদের ঘামে, শ্রমিকদের শ্রমে, শ্রমিকদের কষ্টের বিনিময়ে গড়ে ওঠা সম্পদ আর অর্থের সুফল শুধু মালিক পক্ষই ভোগ করছে। পক্ষান্তরে এই সমস্ত বঞ্চিত শ্রমিক পায় নামে মাত্র বেতন, যা দিয়ে সারা মাস তো দূরের কথা সপ্তাহও ঠিকমতো পার করা সম্ভব নয়। গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের আর্থ সামাজিক অবস্থা এতোটাই নাজুক আর উদ্বেগজনক যে তা বর্ণনাতীত। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই তীব্র বৈষম্য কিছুতেই মেনে নেওয়া যায় না। সবচেয়ে লাভজনক শিল্প এই মুহূর্তে গার্মেন্টসশিল্প। অথচ সেই শিল্পের শ্রমিকদের সম্মানজনক বেতন তো নেই-ই, নেই জীবনের নিশ্চয়তাও। কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিগত দিনের দুর্ঘটনাগুলো থেকে শিক্ষা নিতে হবে।
২০টির মতো দেশ বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করে। শ্রমিকদের জীবনের নিশ্চয়তা না থাকায় উন্নত দেশগুলোর মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যেই বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করার ক্ষেত্রে নেতিবাচক অবস্থান নিয়েছে। জিএসপি সুবিধাও প্রত্যাহারের আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি (রপ্তানিতে অগ্রাধিকারমূলক বিশেষ সুবিধা) সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সাভারের ভবন ধসের ঘটনা প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। সেক্ষেত্রে গভীর সংকটে নিমজ্জিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় শিল্পটি। কর্মসংস্থান হারাবে অনেক শ্রমিক। ব্যাহত হবে প্রবৃদ্ধি অর্জন। অতএব, গার্মেন্টসশিল্পের ভাবমূর্তি ফিরিয়ে আনার এখনই সময়।
ফরিদপুর