বদনাম

আজ রাত ১১টায় এসএ টেলিভিশনে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে অঞ্জন আইচের নাট্যরূপ ও পরিচালনায় নির্মিত নাটক ‘বদনাম’। নাটকটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ ও টুটুল চৌধুরী। নাটকের গল্পে দেখা যাবে—অনিল-বিপ্লবী স্বদেশি আন্দোলনের নেতা। যেকোনো সংকটে সে মানুষের পাশে দাঁড়ায় পরম মমতায়। নানা রূপে নানা বেশে মানুষের মাঝে তার উপস্থিতি। কিন্তু ব্রিটিশ সরকার তাকে অনিল ডাকাত বলেই জানে। এই অনিল ডাকাতকে ধরার গুরু দায়িত্ব পড়েছে এক ডাকসাইটে পুলিশ অফিসারের উপর। ব্রিটিশ সরকারের অনুগত সেবক এই পুলিশ অফিসার অনিল বিপ্লবীকে ধরার কঠিন তপস্যায় নেমেছে। একদা এক ভাই-ফোঁটার রাতে অনিল-বিপ্লবী পুলিশ অফিসারের স্ত্রী সদুর কাছে উপস্থিত হয়। সদু তখন স্বামীর জন্য খাবার নিয়ে অপেক্ষারত। অনিল বিপ্লবী নাটকীয় উপস্থাপনায় সদুকে বোন বানিয়ে ফেলে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।