কবিগুরুর জন্মবার্ষিকী
শিলাইদহের কুঠিবাড়িতে প্রাণের স্পন্দন
মোস্তাফিজুর রহমান মঞ্জু, কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২১:৩৩
আজ ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী। দিনটি আসার সঙ্গে সঙ্গে কবি ভক্ত অসংখ্য মানুষের প্রাণের স্পন্দনে জেগে উঠেছে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে প্র্রতি বছরের মত এবারো ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগ ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত হচ্ছে আলোচনা সভা, আবৃত্তি, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক মহত্ সাহিত্যকর্ম সৃষ্টিতে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ির বিশেষ অবদান ও পটভূমি রয়েছে। ঠাকুর পরিবারের জমিদারী পরিচালনার জন্য এখানে এসে তিনি ভালবেসে ফেলেন ছায়াঘেরা নিভৃত পল্লী শিলাইদহকে। তিনি আকৃষ্ট হয়েছিলেন এখানকার নৈসর্গিক দৃশ্য বিশেষ করে প্রমত্তা পদ্মা নদী ও পদ্মার বুক চিড়ে বেরিয়ে আসা গড়াই নদীর প্রতি। শিলাইদহের কুঠিবাড়ি এবং পদ্মা ও গড়াই নদীর বুকে নৌকায় বসে কবি রচনা করেছেন তাঁর সাহিত্যকর্মের শ্রেষ্ঠাংশ। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে অবস্থানকালেই গীতাঞ্জলী লিখে ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
১৮৯১ সালে কবিগুরু জমিদারী পরিচালনার জন্য শিলাইদহের কুঠিবাড়িতে আসেন। এই কুঠিবাড়ি থেকে তিনি পতিসর ও শাহজাদপুরের জমিদারীও দেখাশুনা করতেন। কবির শিল্পভাবনা ও প্রতিভা বিকাশে শিলাইদহ গ্রামের ভূমিকা ছিল অপরিসীম। শিলাইদহ গ্রামে কবি রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ এবং কৃষিবিদ রবীন্দ্রনাথের এক বিচিত্র সমন্বয় ঘটেছিল।
১৮৯২ সালে পদ্মার তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে শিলাইদহ গ্রামে ৩২ বিঘা জায়গা নিয়ে তিনতলার বর্তমান এই কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। ১৮৯১ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত জমিদারী পরিচালনার জন্য কবি শিলাইদহ গ্রামে থেকেছেন। পদ্মা-গড়াইয়ের মধ্যবর্তী স্থান ছিল ঠাকুর পরিবারের জমিদারী এস্টেট। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর ১৮০৯ সালে এই জমিদারী ক্রয় করেন। এখানকার মনোমুগ্ধকর পরিবেশে কবি বহু প্রবন্ধ, কবিতা ও গল্প রচনা করে গেছেন। সোনার তরী, মানসসুন্দরী, উর্বশী, চিত্রা, ক্ষণিকা, গীতাঞ্জলীসহ অনেক গান ও কবিতা নিভৃত এই পল্লীতেই রচিত হয়েছিল। পৌনে চার বিঘা জমির উপর শিলাইদহের কুঠিবাড়ি প্রতিষ্ঠিত। তিনতলা এই কুঠিবাড়ির কামরা সংখ্যা ১৮টি। এর নিচতলায় ৯টি কামরা, দোতলায় ৭টি ও তিনতলায় দুটি কামরা রয়েছে। কুঠিবাড়ির পশ্চিম দিকে অবস্থিত পুকুর পাড়ের শান বাঁধানো বকুলতলার ঘাট আরেকটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে ফুলের সুঘ্রাণ ও পাখির কলরবের মাঝে বসে রবীন্দ্রনাথ গান ও কবিতা লিখতেন। কুঠিবাড়িতে কবির ব্যবহার্য জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী সংরক্ষিত রয়েছে। এগুলোর মধ্যে আছে ৮০টিরও অধিক বিভিন্ন দুর্লভ ছবি, কবির ব্যবহূত খাট, ইজি চেয়ার, লেখার টেবিল, স্পিড বোট, দুই বেহারার পালকি, ঘাস কাটা মেশিন, গদি চেয়ার, নৌকাসহ অন্যান্য জিনিসপত্র। বর্তমানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর শিলাইদহ কুঠিবাড়ির রক্ষণাবেক্ষণ ও দেখাশুনার দায়িত্বে রয়েছে।
কবির জন্ম-জয়ন্তীর অনুষ্ঠান ছাড়াও প্রতিদিনই সৌন্দর্যমন্ডিত এই কুঠিবাড়িতে প্রাণের টানে ছুটে আসেন দেশি-বিদেশি অনেক পর্যটক। তবে এখানে দর্শনার্থী ও পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা এখনো গড়ে ওঠেনি। এখানে ভিআইপিদের জন্য একটি রেস্ট হাউজ সমপ্রতি নির্মাণ করা হয়েছে। এছাড়া পর্যটকদের বিশ্রাম ও থাকার জন্য সাদামাটা গোছের একটি ডাকবাংলো থাকলেও নিরাপত্তার অভাবে এখানে কেউ রাত কাটাতে সাহস করেন না। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তে ২০০৫ সালে কুঠিবাড়ির লালচে রং পরিবর্তন করে অফ হোয়াইট রং করা হয়। রং পরিবর্তনের ফলে কুঠিবাড়ির সৌন্দর্য অনেকটা বিনষ্ট হয় এবং গবেষক-পর্যটকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরবর্তীতে কুঠিবাড়ির রং নির্ধারণ বিষয়ে লেখক-গবেষকদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। ওই কমিটির পক্ষ থেকে কুঠিবাড়ির রং নির্ধারণের বিষয়ে ভারতের শান্তি নিকেতন কর্তৃপক্ষের কাছে মতামত চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু শান্তি নিকেতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো মতামত না পাওয়ায় কুঠিবাড়ি রং করার বিষয়টি এখনো ঝুলে আছে।