আইসিডিডিআরবি সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত হতে পারে

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, বাংলাদেশে শিশুমৃত্যু হার, মাতৃমৃত্যু হার নিয়ন্ত্রণসহ ওরস্যালাইনের মাধ্যমে ডায়রিয়ার বিরুদ্ধে আইসিডিডিআরবি তৃণমূল স্বাস্থ্য উন্নয়নে যে সামাজিক বিপ্লব ঘটিয়েছে তা বিশ্বের জন্য দৃষ্টান্ত হতে পারে। স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘ আয়োজিত ‘স্বাস্থ্য বিষয়ক এমডিজির লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ ঃ আইসিডিডিআরবি’র উদ্ভাবনী ধারা’ শীর্ষক এক আলোচনা সভায় আইসিডিডিআরবি’র কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকাণ্ড পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে এসব কথা বলেন তিনি। বান কি মুন এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের বিশেষ সাফল্যের কথা তুলে ধরেন। এক্ষেত্রে তিনি বাংলাদেশ ভ্রমণকালে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বাংলাদেশের অর্জনের ভূয়সী প্রশংসা করেন। সভায় জাতিসংঘ সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য আইসিডিডিআরবি’র বিভিন্ন সাফল্য আসলেই উন্নয়নশীল বিভিন্ন দেশের দৃষ্টি কেড়েছে। আলোচনাসভায় নরওয়ের স্থায়ী প্রতিনিধি গিয়ার ও পেডারসন বক্তৃতা করেন। পাওয়ার পয়েন্টে আইসিডিডিআরবি’র কার্যক্রম তুলে ধরেন ড. জন ক্লেমেন্স।