বানারীপাড়ায় দুই বান্ধবীর
সহমরণের চেষ্টা !
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২২:২২
বানারীপাড়ার বিশারকান্দি গ্রামে সুমী ও শারমিন নামের দুই বান্ধবী একত্রে বিষপান করে সহমরণের চেষ্টা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় সুমীর মৃত্যু হলেও শারমিনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমীর লাশ ময়না তদন্তের জন্য একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এই হূদয়বিদারক ঘটনাটি ঘটে। তবে এটি আত্মহত্যা না অন্য কিছু সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না।
জানা গেছে, সুমী ও শারমিন স্থানীয় বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর বাণিজ্য শাখার ছাত্রী। তারা একই কলেজে সহপাঠী ও ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। ঘটনার দিন উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুকের ঘরের বারান্দায় তার ভাতিজি রোজিনা আক্তার সুমী (১৭) ও তার বান্ধবী শারমিন আক্তার (১৭) সবার অগোচরে বিষপান করে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তাদের অচেতন ও একে অপরের গলায় হাত দিয়ে জড়ানো অবস্থায় উদ্ধার করে মুরারবাড়ি বাজারে পল্লী চিকিত্সক প্রফুল্লর কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সা শেষে পাশের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সুমী মারা যান। ওই রাতেই স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শারমিনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুমীর লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। সুমী বিশারকান্দির চৌমহনা বাজারের রাইস মিল মালিক আবু হায়দার ও শারমিন একই বাজারের মেকার মো. ফারুকের মেয়ে। পাশাপাশি বাড়ি হওয়ায় বাল্যকাল থেকেই তারা ছিলেন ঘনিষ্ঠ বান্ধবী।
এদিকে একই সঙ্গে এ দুই বান্ধবীর বিষপানে সহমরণের চেষ্টার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে ওসি গোলাম ছরোয়ার জানান, সুমীর ময়না তদন্ত রিপোর্ট হলে এবং শারমিন সুস্থ হয়ে উঠলে এই প্রশ্নের উত্তর বের হয়ে আসবে।