পবিত্র কোরআন পুড়িয়ে হেফাজত প্রমাণ করেছে তারা মুসলমান নয়

আওয়ামী ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেছেন, পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে দিয়ে হেফাজতে ইসলাম প্রমাণ করেছে তারা মুসলমান নয়। এরা মুরতাদ, এই মুরতাদদের ইসলামী আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। হেফাজতে ইসলামের সামপ্রতিক নৈরাজ্যের প্রতিবাদে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হেলালী বলেন, হেফাজত ইসলামের নামে বিএনপি-জামায়াত-শিবির দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চাচ্ছে। কিন্তু পবিত্র আল কোরআন পুড়িয়ে ক্ষমতায় আসা যাবে না। তিনি বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো মুসলমান কোরআন পুড়িয়েছে এমন নজির নেই। তিনি বলেন, হেফাজত ইসলামের দোহাই দিয়ে কী করে এই পবিত্র গ্রন্থ পুড়িয়েছে মিডিয়ার মাধ্যমে গোটা জাতি এ দৃশ্য অবাক হয়ে দেখেছে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, সহ-সভাপতি আদম আলী, আবুল হাসেম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ।