বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত অসম সাহসী এজাজ
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:০২
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে আটকে পড়া গার্মেন্টস কর্মী শাহীনাকে উদ্ধার করতে গিয়ে জীবন দিলেন উদ্ধারকর্মী এজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদ। গতকাল মঙ্গলবার বনানী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে বাদ জোহর ঢাকা সেনানিবাসে সেনা কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল মুহম্মদ ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, এজাজের পরিবারের সদস্যসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বনানী কবরস্থানে দাফনের পর গার্ড কর্তৃক ভলি ফায়ার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষে এজাজের কবরে তার সামরিক সচিব ও প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তার কবরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ এবং জেলা প্রশাসক (ঢাকা) পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর গার্ড কর্তৃক মরণোত্তর সালাম প্রদান করা হয়। এসময় সশস্ত্র বাহিনীর সদস্যগণ মরহুমের প্রতি স্যালুট প্রদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। মরণোত্তর সালামের পর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। শেষে সেনাবাহিনী প্রধান এজাজের নিকট আত্মীয়ের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন।
২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ঘটনার সামরিক, ফায়ার সার্ভিস ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে স্বেচ্ছাসেবক কর্মী হিসেবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন এজাজ। স্ত্রী, সন্তান ও আপনজনের কথা ভুলে ধংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে জীবন বাজি রেখে কাজে নেমে পড়েন তিনি। এজাজ একাই ১০ জন গার্মেন্টস কর্মীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এজাজের দুঃসাহসিক উদ্ধার কাজ দেখে মুগ্ধ সেনাবাহিনীর মেজর আতিক, মেজর সাদাত, লেফটেন্যান্ট আশরাফ ও ক্যাপ্টেন হাসানের নেতৃত্বে উদ্ধারকারী দল। এরপর থেকে আটকাপড়া জীবিত শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর উক্ত দলের সঙ্গে এজাজ কাজ করতেন। সেখানে দিনের পর দিন ধ্বংসস্তূপে এক কাপড়ে এজাজ উদ্ধার কাজ চালিয়েছেন। গত ২৮ এপ্রিল রাত সোয়া ১০টায় ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া শাহীনা বাঁচাও বাঁচাও বলে চিত্কার শুরু করলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যদের সঙ্গে এজাজও উদ্ধার কাজে যোগ দেন। সুড়ঙ্গ দিয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদ্যসের সঙ্গে নীচে নেমে পড়েন এজাজ।
এক পর্যায়ে এজাজ নিজে শাহীনাকে উদ্ধারের প্রচেষ্টাকালে অগ্নিকাণ্ডের শিকার হন। তার দেহে আগুন ধরে যায়। ক্যাপ্টেন হাসান ও লেফটেন্যান্ট আশরাফ ও ফায়ার সার্ভিসের কর্মী একে একে কোন রকমে সুড়ঙ্গ পথ থেকে উপরে উঠতে পেরেছেন। সর্বশেষ অগ্নিদগ্ধ অবস্থায় এজাজ উপরে উঠে আসেন। ততক্ষণ তার সমস্ত দেহ ঝলসে যায়। প্রথমে তাকে সাভার সিএমএইচ ও পরে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। এজাজের শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ এপ্রিল এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ হাসপাতালের বার্ন ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় ৪ঠা মে বাংলাদেশ সময় রাত ১০টা ৬ মিনিটে এজাজ মারা যান। তার এ মৃত্যুর সংবাদে রানা প্লাজায় উদ্ধার কর্মীদের মধ্যে এবং দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। একইভাবে রানা প্লাজার ধ্বংসস্তূপে অগ্নিকাণ্ডের পর গার্মেন্টস কর্মী শাহীনা মারা যান।
শাহীনা আর এজাজের মৃত্যু উদ্ধার কর্মীসহ দেশবাসীর কাছে হূদয় বিদারক ঘটনার জন্ম দিয়েছে। এজাজ পশ্চিম তেজতুরি বাজারে একটি বাসায় থাকতেন। তার জন্ম ১৯৭৮ সালের ৫ জুন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ চাকরির তোয়াক্কা না করে এজাজ ছুটে গিয়েছিলেন সাভার রানা প্লাজার ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে। ফিরে এসেছেন স্ত্রী, সন্তান ও আপনজনদের কাছে লাশ হয়ে। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। গত সোমবার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে এজাজের লাশ দুপুরে ঢাকায় পৌঁছে। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সেনাবাহিনীর সদস্যরা এজাজের কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেন। বিমান বন্দর থেকে সেনাবাহিনী গাড়িযোগে তার লাশ পশ্চিম তেজতুরি বাজারে আনা হয়। কফিন ধরে স্ত্রী ও সন্তানদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। দুই শিশু সন্তান বলে উঠে আব্বু তুমিতো আসলে, লাশ হয়ে। সেখানে বাদ আসর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।