পরিধি বাড়লো ঢাকার দুই সিটি কর্পোরেশনের
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:০৪
পরিধি বাড়ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের। ঢাকার সাত ইউনিয়ন অন্তর্ভুক্ত করে কলেবর বাড়ানো হচ্ছে উত্তর সিটি করপোরেশনের। উত্তর ঢাকার উত্তরখান, দক্ষিণখান, ডুমনি, বেরাইদ, হরিরামপুর, বাড্ডা ও সাঁতারকুল ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে নাগরিক সুযোগ-সুবিধা বাড়িয়ে করপোরেশনের অধীনে আনার পরিকল্পনা হয়েছে। এদিকে কামরাঙ্গিরচরের সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আনা হয়েছে। এ ব্যাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম ইত্তেফাককে বলেন, সুলতানগঞ্জ ইউনিয়নটি রাজধানীর মধ্যে থেকেও উন্নয়নের দিক থেকে নানাভাবে উপেক্ষিত হচ্ছে। স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নেই সুলতানগঞ্জকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মাহমুদ রেজা খান বলেন, আধুনিকায়নের মাধ্যমে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে কয়েকটি ইউনিয়নকে করপোরেশনভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
জানা গেছে, বিলুপ্ত ঢাকা সিটি কপোরেশনের (ডিসিসি) পক্ষ থেকেও ইতিপূর্বে অনেক এলাকা করপোরেশনের আওতাভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল। তবে ওইসব এলাকার জনপ্রতিনিধি ও এলাকাবাসীর আপত্তির মুখে তা সম্ভব হয়নি। উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, প্রতি বছর ঢাকা মহানগরের আয়তন বাড়লেও ঢাকা সিটি করপোরেশনের আয়তন বাড়েনি। একটি সিটি করপোরেশনের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা কঠিন ছিল বলেই কয়েকবার উদ্যোগ নিয়ে তা করা সম্ভব হয়নি। এখন দুটি করপোরেশন হওয়ায় করপোরেশনের আয়তন বাড়িয়ে সেবা দিতে অসুবিধা হবে না। রাজধানীর ইউনিয়নগুলোতে অসংখ্য বহুতল ভবন, শপিং সেন্টার, স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠান গড়ে উঠলেও এসব এলাকার বেশিরভাগ রাস্তাই সরু। অনেক এলাকায় পিচের রাস্তা পর্যন্ত নেই। রাস্তার পাশে নেই ড্রেনেজ সুবিধা। সড়ক বাতি নেই। গ্যাস, বিদ্যুত্ সেবা আছে নামেমাত্র। পানি সরবরাহ ব্যবস্থা নেই। অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বর্ষায় অনেক আবাসিক এলাকা পানিতে ডুবে যায়। কিছু ইউনিয়নে স্থায়ী জলাবদ্ধতার সমস্যাও রয়েছে। এ ছাড়া আধুনিক হাসপাতাল, কমিউনিটি সেন্টার, সামাজিক বিনোদন কেন্দ্রসহ আধুনিক সুযোগ-সুবিধা থেকে এসব এলাকার বাসিন্দারা বঞ্চিত।
সাঁতারকুলের বাসিন্দা আবদুস সাত্তার জানান, তাদের প্রধান সড়কটি গত ছয় বছর ধরে চলাচলের অযোগ্য। ডুমনি-মেরাদিয়ার প্রধান সমস্যা রাস্তাঘাটের। এ অবস্থায় কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করতে ডিসিসির কলেবর বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে করপোরেশনভুক্ত হলে হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন সেবা খাতে বিল অনেক বেড়ে যাবে এমন আশঙ্কায় ইউনিয়নবাসী করপোরেশনভুক্ত হতে অনাগ্রহ দেখান। বিগত সময়ে করপোরেশনভুক্ত না করার জন্য তারা আইনের আশ্রয়ও নিয়েছেন। তবে এবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেই এগোচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এদিকে সুলতানগঞ্জের ৩২টি মহল্লা এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত। উল্লেখযোগ্য মহল্লাগুলো হচ্ছে, রহমতবাগ, মুসলিমবাগ, করিমবাগ, নিজামবাগ, নুরবাগ, মোমিনবাগ, আলীনগর, ইসলামনগর, রসুলপুর, ঝাউচর, জেলেপাড়া, আহসানবাগ, মাতবর বাজার, বড়গ্রাম এলাকা। সুলতানগঞ্জের অধিবাসী ইলিয়াস আহমেদ বাবুল বলেন, রাজধানীতে থেকেও আমরা এতদিন বিচ্ছিন্ন একটি জনপদের বাসিন্দা ছিলাম। সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়ে আমরা খুবই খুশী।