কাঁচপুর ঘটনায় ৪টি মামলা

সোনারগাঁওয়ের কাঁচপুরে সোমবার হেফাজতে ইসলাম কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, কাঁচপুর হাইওয়ে থানাসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় সোনারগাঁও থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে এ মামলাগুলো রুজু করা হয়। পুলিশ বাদী হয়ে ৩টি ও অপর মামলাটি করেন হেফাজত কর্মীদের পুড়িয়ে দেয়া বাস মালিক। সবগুলো মামলাতেই ৩১ জনের নাম উল্লে¬খ রেখে অসংখ্য অজ্ঞাতনামা আসামি করা হয়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, সোমবার সকালে হেফাজত কর্মীরা কাঁচপুর হাইওয়ে থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ সোহেল আহমেদ বাদী হয়ে মামলা করেন। এছাড়া হামলা, সরকারি কাজে বাধা, জনস্বার্থ বিঘ্নিত করার অভিযোগে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বাগেরহাটে ৫ মামলা বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে সোমবার হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ, ভাঙচুর, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা এবং হেফাজতে ইসলামের এক কর্মী নিহত হবার ঘটনায় ফকিরহাট থানায় চারটি এবং বাগেরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনায় ফকিরহাট থানায় পুলিশের দায়ের করা একটি মামলায় হেফাজতে ইসলাম ও জামায়াতের তিন নেতাসহ ৮৬ জনের নাম উল্লেখ করে হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম ও বিএনপির দশ-বারো হাজার অজ্ঞাতনামা কর্মী-সমর্থককে আসামি করা হয়েছে। তবে মঙ্গলবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ এসব মামলার কোন আসামি গ্রেফতার করতে পারেনি।