অর্থনীতির স্বার্থে দেশে দীর্ঘ সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা উচিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থনীতির স্বার্থে দেশে দীর্ঘমেয়াদী ১৪৪ ধারা জারি করা উচিত। তিনি আরো উল্লেখ করেন, গত রবিবার হেফাজতে ইসলাম মতিঝিল-পল্টন এলাকা জুড়ে যে অভিযান চালিয়েছে তা ব্যক্তির বিরুদ্ধে নয়, এ অভিযান রাষ্ট্রের বিরুদ্ধে। দেশ ও রাষ্ট্রকে ধ্বংস করতেই এ ধরনের কাজ করেছে। আর এ কাজে ইন্ধন জুগিয়েছে এক শ্রেণীর বুদ্ধিজীবী। তারা রাষ্ট্রবিরোধী শক্তি। গত রবিবার মতিঝিল এলাকায় যে লুটপাট হয়েছে, দেশে আগে কখনো এমন হয়নি। ধ্বংসাত্মক কাজে হেফাজতের ছদ্মাবরণে জামায়াত-শিবির এ কাজ করছে। এ ধরনের ধ্বংসাত্মক কাজের পেছনে খালেদা জিয়াও আছেন। এদের সবার পাইকারি জরিমানা বা শাস্তি হওয়া উচিত বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। রবিবার পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পর গতকাল মঙ্গলবার বিকেলে সেখানে পরিদর্শনে এসে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা মহাপরিচালক (এমডি) এসএম আমিনুর রহমান, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এমডি নুরুল আলম তালুকদার ও অন্য নেতৃবৃন্দ। অর্থমন্ত্রী এ সময় সাংবাদিকদের বলেন, ধ্বংসের দায়িত্ব নিতে হবে খালেদা জিয়া, জামায়াত-শিবির এবং হেফাজতে ইসলামকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মতিঝিল এলাকায় আর সমাবেশ করতে দেয়া হবে না। গত সোমবার মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।