বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন অনিশ্চয়তায়

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন অনিশ্চতায় পড়েছে। চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের সংবিধান সংশোধন করতে হবে। গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টর উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী দলগুলোর বাধার মুখে সংবিধান সংশোধন বিলটি উত্থাপন করতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ। কয়লা খনি কেলেঙ্কারি ও রেলবোর্ডের ঘুষ কেলেঙ্কারির জন্য রেলমন্ত্রী পবন কুমার বনসাল ও আইনমন্ত্রী অস্বিনী কুমারের পদত্যাগের দাবির সঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পদত্যাগের দাবি তুলে বিরোধী দল বিজেপি। তাদের স্লোগান ও হইচইয়ের কারণে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন বাধাগ্রস্ত হয়। লোকসভায় খাদ্য নিরাপত্তা বিলটিও উত্থাপন করা সম্ভব হয়নি। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার। গতকাল রাজ্যসভার অধিবেশন দুপুরে শুরু হলে বিজেপির সদস্যরা টুজি কেলেঙ্কারি, কয়লা খনি বন্টন ও রেল মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগে অধিবেশন বাধাগ্রস্ত করেন। আসাম গণপরিষদের দুই সদস্য সংবিধান সংশোধন বিলের বিরুদ্ধে স্লোগান দেন। কয়েকবার বাধার মুখেও পররাষ্ট্রমন্ত্রী বিল উত্থাপন শুরু করেছিলেন। বিরোধী দলের আসাম গণপরিষদ সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিলের কপি কেড়ে নিতে গেলে ব্যাপক হট্টগোল শুরু হয়। তখন অধিবেশন মুলতবি রাখা হয়। দুপুর ২টায় অধিবেশন শুরু হলে আর বিলটি উত্থাপন করার সুযোগ হয়নি। আসাম গণপরিষদের সদস্যরা বলেন, সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা হলে আসাম ক্ষতিগ্রস্ত হবে। ভারতের জমি বাংলাদেশকে দিয়ে দেয়া ভারতের সার্বভৌমত্বের ওপর আক্রমণ। এর আগে দুইবার বিলটি উত্থাপন করতে ব্যর্থ হয় সরকার। ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশন প্রায় শেষ পর্যায়ে। এই অধিবেশনে বিলটি পেশ করার সম্ভাবনা খুবই কম। পরের বর্ষাকালীন অধিবেশনে বিলটি পেশ করার চেষ্টা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজ্যসভার মেয়াদ লোকসভার মতো শেষ হয় না। তাই রাজ্যসভায় বিল পেশ করা হলে যখনই হোক আলোচনা হবেই। তখন সরকার রাজনৈতিক ঐকমত্যের চেষ্টা করবে।