দুই নেত্রীকে সংলাপে বসানোর উদ্যোগ নেবো

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেন্ত্রীকে সংলাপে বসানোর ব্যাপারে বলেছেন, সংবিধান, আইন ও সংসদের কার্যপ্রণালী অনুযায়ী উদ্যোগ নেব। স্পিকার হিসেব আমি সংসদকে অধিক কার্যকর করবো। দায়িত্ব নেয়ার পর গণমাধ্যমের মাধ্যমে বিরোধীদলকে সংসদে আসার আহবান জানিয়েছি। তাদের সংসদে আনতে উদ্যোগ গ্রহণ করেছি। আসন্ন বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অধিবেশনে বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। বিরোধীদল এ অধিবেশনে যোগ দেবে। এ অধিবেশনে যোগ দিয়ে বিরোধীদল সংসদকে অধিকতর কার্যকর করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমার প্রত্যাশা। স্পিকার হিসেবে সংসদকে কার্যকর করতে যা যা করণীয় তা আমি করবো। আশা করছি আগামী অধিবেশনে বিরোধী ও সরকার দলীয় সকল সম্মানিত সদস্য অংশগ্রহণ করবেন। তিনি গতকাল মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণশেষে সাংবাদিকদের সাথে আলাপে একথা বলেন। বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, কিছুক্ষণ নীবরে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এরপর জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ আসম ফিরোজ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংসদের পদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, এ্যাড. এসএম মুনির হিটলার, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।