৫ মে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি হেফাজতের
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:০৭
হেফাজতে ইসলাম বাংলাদেশ গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় গত রবিবার হেফাজত নেতাকর্মী জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।
হাটহাজারীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘোষিত হরতালসহ সংগঠনের ৩ দফা দাবি কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শুক্রবার জুমার নামাজের পর রবিবারের ঘটনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও আহতদের আরোগ্য কামনা, আজ বুধবার থেকে ১৮ দল আহূত হরতালে হেফাজতে ইসলামের সর্বাত্মক সমর্থন প্রদান। সংবাদ সম্মেলন থেকে গত ৫ ও ৬ মে সারাদেশে নিহত বা নিখোঁজ নেতাকর্মী ও জনতার নাম পরিচয় স্থানীয় হেফাজতে ইসলামের জেলা কমিটিকে জানানোর জন্য বলা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর আল্লামা হাফেজ মুহাম্মদ শামসুল আলম, যুগ্ম-মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়্যব, মাওলানা আবু তাহের আরবী, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা হারুন বিন ইজহাব, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা ইয়াসীন, মাওলানা আলমগীর, মাওলানা এমরান প্রমুখ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, আলেম সমাজ রাজনীতি করে না। কাউকে ক্ষমতায় বসানো বা নামানো আলেমদের আন্দোলন নয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ৫ মে দিনভর হেফাজতের হাজার হাজার লোককে শহীদ করেছে, অগণিত মানুষকে আহত করেছে। তারপরও উল্টো হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার পাঁয়তারা করছে। এই পথ পরিহারের জন্য সরকারের প্রতি সংবাদ সম্মেলন থেকে হেফাজতে ইসলাম সর্বশেষ সুযোগ দিচ্ছে।