এক সপ্তাহের আগে শেষ হচ্ছে না উদ্ধার কাজ

সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ সড়ানো এবং মৃতদেহ উদ্ধারের কাজ আগামী এক সপ্তাহের আগে শেষ হচ্ছে না। তবে উদ্ধার কার্যক্রম আরো গতিশীল করতে গতকাল মঙ্গলবার আরো নতুন কয়েকটি এক্সাভেটর ও ট্রাক যোগ করা হয়েছে। একই সাথে দক্ষ আরো বেশ কয়েকজন উদ্ধারকর্মীও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। উদ্ধারকর্মীরা আশা করছেন, আগামী ৮ দিনের মধ্যে ধ্বংসস্তূপ সড়ানোসহ মৃতদেহ উদ্ধারের কাজ সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব হবে। এদিকে সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে গত সোমবার মধ্যরাত থেকে গতকাল মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত আরো ৩৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবন ধসের ১৪তম দিনে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা ৭শ’ ছাড়িয়ে গেলো। গত ১৪ দিনে মোট মৃতদেহ উদ্ধার হলো ৭১৩টি। তবে ৬০৭টি লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতাল থেকে ৫১৩টি এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে ৪৭টি লাশ হস্তান্তর করা হয়েছে। এখন হস্তান্তরের অপেক্ষায় রয়েছে আরো ৮৯টি মরদেহ। এর বাইরে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে ৬৪টি অজ্ঞাত পরিচয়ের লাশ। এছাড়া যে লাশগুলো শনাক্ত করা যাবে না তাদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সেনাবাহিনীর কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে।অপরদিকে দ্রুত ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করা ও ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের বেতনের দাবিতে গতকাল সকালে শত শত শ্রমিক ধসে যাওয়া রানা প্লাজার সামনে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। টানা দুই ঘন্টা অবরোধের মুখে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট বেধে যায়। পরে জেলা প্রশাসক বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এ ব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক আমিনুর রহমান বলেন, অবরোধের কারণে সকাল সোয়া ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে রানা প্লজার ক্ষতিগ্রস্ত ১৪৫ দোকান মালিক মানববন্ধন করেছেন। ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়া বেলা ১২টার দিকে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বৃষ্টির মধ্যেই ধ্বংসস্তূপের সামনে কিছুক্ষণ মানববন্ধন করে। বিক্ষোভকারীরা জানান, ধসে যাওয়া রানা প্লাজার নিউওয়েব বটম ও নিউওয়েব স্টাইল নামের দু’টি পোশাক কারখানার শ্রমিকদের গতকাল সকালে বেতন দেয়ার কথা। কিন্তু এতোদিনেও বিজিএমইএ কতৃর্পক্ষ শ্রমিকদের তালিকা তৈরি করেনি। একারণে বেতন দেয়ার কথা থাকলে বিজিএমইএ কতৃর্পক্ষ গতকাল সকালে সাভারে আসেনি। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিকরা বেতন নেয়া জন্য গতকাল জড়ো হলেও বিজিএমইএ নেতৃবৃন্দ না আসায় তারা উত্তেজিত হয়ে উঠে। তবে বিজিএমইএ কতৃর্পক্ষ মোবাইলে বেতন দেয়া হবে ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে উদ্ধার কাজ শেষ হতে কতদিন লাগবে জানতে চাইলে ফায়ার সার্ভিসের পরিচালক ব্রিগেডিয়ার আলী আহম্মদ খান জানান, উদ্ধার কাজ শেষ হতে আরো এক সপ্তাহ লাগতে পারে। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন যেসব মৃতদেহ পাওয়া যাচ্ছে, তার বেশিরভাগই বিকৃত হয়ে গেছে। লাশের সন্ধান পাওয়ার পরপরই অক্ষত অবস্থায় তা উদ্ধারের জন্য ধ্বংসস্তূপ সড়ানোর কার্যক্রমে কিছুটা গতি কমানো হচ্ছে। তিনি আরো বলেন, উদ্ধার কার্যক্রম আরো গতিশীল করতে আজ নতুন কিছু ভারী যন্ত্রের পাশাপাশি বেশ কয়েকজন উদ্ধারকর্মীও যোগ করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ইউসুফ হারুন জানিয়েছেন, পুরো উদ্যোমে চলছে ধ্বংসস্তূপের উদ্ধার কার্যক্রম। যতক্ষণ পর্যন্ত লাশ পাওয়া যাবে ততক্ষণই এ উদ্ধার অভিযান চালানো হবে। তবে আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান জানান, উদ্ধার কাজে গুরুত্ব দেয়া হচ্ছে লাশ উদ্ধারের ক্ষেত্রে। যত দ্রুত সম্ভব লাশগুলো উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। উদ্ধার কার্যক্রম দ্রুত বেগে চলছে বলেও তিনি জানান। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত। সে কারণে ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার পরর্বর্তী সময়ে তা শনাক্তের জন্য লাশের পকেটে থাকা মোবাইল ফোন কিংবা আইডি কার্ডের সাহায্য নেয়া হচ্ছে। লাশের পচন ধরায় পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শনাক্ত না হওয়া লাশগুলোও স্বজনদের শনাক্তের জন্য সাভার অধরচন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেখানে সন্ধ্যা পর্যন্ত রাখার পর শনাক্ত না হলে বিকালে ডিএনএ টেস্টের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হচ্ছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, সাভারে ধসে পড়া ভবনে এখনো উদ্ধার অভিযান চলছে। বৃষ্টির কারণে মাঝে মাঝে উদ্ধার কাজ ব্যাহত হলেও বৃষ্টি থামলে আবার কাজ শুরু হয়। উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে আরো অনেক মৃতদেহ চাপা পড়ে আছে। সেগুলো খুব সাবধানে উদ্ধারের চেষ্টা করছেন তারা। অপর দিকে ঘটনাস্থল রানা প্লাজার সামনেসহ আশেপাশের হাসপাতালগুলোতে গতকালও কয়েক শতাধিক মানুষ ভীড় করছে নিখোঁজদের জন্য। জীবিত পাওয়ার আশা ছেড়ে এখন শুধু লাশটি পাওয়ার জন্যই অপেক্ষার প্রহর গুণছেন তারা। প্রিয় মানুষটির জন্য তারা ক্লান্তিহীন সময় পার করছেন। লাশ উদ্ধারের খবর পেলেই অপেক্ষারত স্বজনরা সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন। এদিকে গতকাল মঙ্গলবারও রানা প্লাজা, সাভার অধরচন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং বিভিন্ন হাসপাতালে ত্রাণ তত্পরতা অব্যাহত রেখেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। খাদ্যদ্রব্য ও ওষুধ সামগ্রীসহ প্রয়োজনী পণ্য দ্রব্য সরবরাহ করছে তারা। অপরদিকে রানা প্লাজার ধ্বংসস্তূপ উদ্ধারকর্মীরা ট্রাকে করে নির্ধারিত দু’টি স্থানে ফেলা দিচ্ছে। লুটপাট ঠেকাতে সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছে। তবে সেখান থেকে মূল্যবান যন্ত্রপাতিসহ সামগ্রিগুলো উদ্ধার করে তা জেলা প্রশাসনের নির্দেশে একটি গোডাউনে রাখা হচ্ছে। তবে অধিকাংশ যন্ত্রপাতিই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।