দু’দিনের সহিংসতায় জাতিসংঘ যুক্তরাষ্ট্রের শংকা ও উদ্বেগ

‘ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন করতে হবে’ ‘সরকারকে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ৫ ও ৬ মে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে গভীর উদ্বেগ ও শংকা প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পৃথকভাবে মঙ্গলবার শংকা প্রকাশ করে বিবৃতি দেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের সকল ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে গঠনমূলক আলোচনার মাধ্যমে সব ধরনের উত্তেজনা প্রশমন করার আহবান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে আগামী সাধারণ নির্বাচন নিয়ে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও এ দেশের পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে একজন সিনিয়র জাতিসংঘ কর্মকর্তাকে সহসাই ঢাকা পাঠাচ্ছেন। জাতিসংঘ সহকারী মহাসচিব আস্কার ফার্নান্দেজ তারানকো তিনদিনের সফরে শুক্রবার ঢাকা আসছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৫ ও ৬ মে ঢাকাসহ সারাদেশে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ ঘটার পর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন প্রশাসন বাংলাদেশ সরকারকে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ :জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মহাসচিবের উদ্বেগের কথা জানান। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব বান কি মুন উদ্বেগের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রবি ও সোমবার ঢাকা শহরের ঘটনাবলীতে মানুষের মৃত্যুতে শোকাভিভূত হয়েছেন। মহাসচিব সংশ্লিষ্ট সকল পক্ষকে সহিংসতার পথ পরিত্যাগ করে ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশের অনুরোধ জানিয়েছেন। বান কি মুন সকল ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে গঠনমূলক আলোচনার মাধ্যমে সব ধরনের উত্তেজনা প্রশমন করার আহবান জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আহবান :মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল সোমবার নিয়মিত প্রেস ব্রিফিং-এ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রবি ও সোমবার ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। মুখপাত্র কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক হরতাল বা সাধারণ ধর্মঘট কর্মসূচি সম্পর্কে বলেন, এ ধরনের কর্মসূচি বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনকে বেশ বাধাগ্রস্ত করছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস সব রাজনৈতিক দলকে শান্ত থাকতে ও সংলাপে বসার জন্য উত্সাহিত করছে ও ঘনিষ্ঠভাবে কাজ করছে। শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ সবার গণতান্ত্রিক অধিকার। আমরা ঘনিষ্ঠভাবে মনেকরি সহিংসতা কখনোই সমাধান হতে পারে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি সবাইকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশে উদ্বুদ্ধ করার বিষয়টিও নিশ্চিত করতে হবে। বান কি মুনের বিশেষ দূত আসছেন :বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচন নিয়ে সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে শুক্রবার ঢাকা আসছেন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। ঢাকায় তিনদিন অবস্থাকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে তিনি নির্বাচন প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। এছাড়া সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও জাতিসংঘ বিশেষ দূত মতবিনিময় করবেন। গত বছর ডিসেম্বরেও অস্কার ফার্নান্দেজ ঢাকা সফর করেন। তখন তিনি আসন্ন নির্বাচন নিয়ে সমঝোতায় পৌঁছার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানান।