পল্টন-মতিঝিলে হেফাজতের সহিংসতায় ১৮ মামলা
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:১১
রাজধানীর মতিঝিল, পল্টন, রমনাসহ বিভিন্ন এলাকায় গত রবিবার হেফাজতে ইসলাম কর্মী ও নেতাদের সহিংসতার ঘটনায় নগরীর তিন থানায় ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এসময় মামলায় প্রধান আসামি করা হয়েছে হেফাজতের মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরীকে। এছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মুফতি ফয়জুল্লাহ, ঢাকা মহানগর আমির নূর হোসেন কাশেমী, ১৮ দলীয় জোট নেতা আব্দুল লফিত নেজামী। হেফাজতের আমির শহ আহমদ শফীকে আপাতত আসামি করা হয়নি। যতি তদন্তে তার সম্পৃক্ত পাওয়া যায় তবে তাঁকেও আসামি করা হবে। গতকাল মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জয়েন্ট কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম এসব তথ্য জানান।
এছাড়াও এসব মামলায় আসামি করা হয়েছে ঃ হেফাজত ইসলামের চট্টগ্রাম মহানগরের সভাপতি মাইনুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা ফরিদ উল্লাহ, সাধারণ সম্পাদক শামসুল আলম, নায়েবে আমির মহিবুল্লাহ বাবু, নুর হোসাইন কাসেমী, তাজুল ইসলাম, আবুল মালেক হালিম, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, আবুল হাসনাত আমিনি, মোস্তফা আজাদ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, এইচ এম হামিদুর রহমান আযাদ এমপি, ঢাকা মহানগর জামায়াতে সভাপতি রফিকুল ইসলাম খান, ছাত্র শিবির নেতা শাহে আলম, ইব্রাহিম ভুঁইয়া, আব্দুলাহ আল মুজাহিদ। এছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা সুলতান সালাউদ্দিন টুকু, হাবিব-উন নবী সোহেল, হাবিবুর রশীদ, রফিকুল ইসলাম মনজু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু , সরাফত আলী সপুসহ ২৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় হেফাজতের আমির শাহ আহমদ শফীকে আসামি না করার ব্যাপারে জয়েন্ট কমিশনার বলেন, পুলিশ জানতে পেরেছে, হেফাজতের আমির শাহ আহমদ শফী সরকারের পতন চাইলেও তিনি বড় ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয়ার পক্ষে ছিলেন না। তবে পরবর্তীতে তদন্তে তার সম্পৃক্ততা প্রমাণিত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জয়েন্ট কমিশনার মনিরুল ইসলাম বলেন, জামায়াত-শিবির, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উস্কানিতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। এরজন্য তারা বিপুল পরিমাণ অর্থ ও খাবার দিয়ে হেফাজতের ইসলামীকে সাহায্য করেছে। এ সংক্রান্ত তথ্য পুলিশের কাছে রয়েছে। এছাড়াও তাদের টার্গেট ছিল মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা। অর্থদাতা, ইন্ধনদাতা ও হামলায় অংশ নেওয়া এসব ব্যক্তিদের পুলিশ গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
রবিবার রাতের অভিযানে কয়েক হাজার লোক নিহত হয়েছে বলে বিরোধী দলের পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হয়েছে -- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়েন্ট কমিশনার বলেন, শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামীর কর্মীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালানো হয়। সেখানে কোন ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়নি। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল নিক্ষেপ করে তাদের হটিয়ে দেওয়া হয়। কিছু লোক আহত হলেও তাদেরকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠায়। আহত অবস্থায় হাসপাতালে মারা যায় পুলিশসহ তিনজন। আর আগে থেকেই হেফাজত ইসলামের মঞ্চের কাছে রাখা ছিল চারটি মৃতদেহ।
তিনি আরও বলেন, পুলিশের এ অভিযান হয়েছে মিডিয়াকর্মীদের সামনেই। এমনকি দুইটি বেসরকারি টেলিভিশন সরাসরি অভিযান সম্প্রচার করেছে।
জয়েন্ট কমিশনার জানান, সহিংস ঘটনায় মতিঝিল থানায় ৮টি, পল্টন থানায় ৯টি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী পুলিশ ও ক্ষতিগ্রস্তরা। এসব মামলায় প্রত্যেকটিতে প্রধান আসামি করা হয়েছে মাওলানা জুনাইদ বাবুনগরীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকহাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় বর্তমানে গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। মামলার আসামিদের মধ্যে জামায়াত-শিবিরসহ বিএনপির কয়েকজনকে আসামি করা হয়।
তিনি বলেন, ১৮টি মামলার পাশাপাশি ইসলামি ফাউন্ডেশন, জাতীয় ক্রীড়া পরিষদ, হাউস বিল্ডিং ভবনে অগ্নিসংযোগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।