আজ পঁচিশে বৈশাখ

‘‘ওই মহামানব আসে/দিকে রোমাঞ্চ লাগে/মর্ত্যধূলির ঘাসে ঘাসে.../উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে/মোর চিত্ত মাঝে/চির নূতনেরে দিল ডাক/পঁচিশে বৈশাখ।’’ আজ বুধবার, পঁচিশে বৈশাখ। বাঙালির মননের সঙ্গী ও পথের দিশারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী। ১২৬৮ বঙ্গাব্দের এইদিনে ধরণীর বুকে রবির কিরণ ছড়িয়ে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবী। বিশ্বকবির জন্মদিন উদযাপন বাঙালির আত্মপরিচয়ে দীপ্ত হওয়া ও আগামীর পথ চলার অনুপ্রেরণা সৃষ্টির এক অপরিমেয় উত্স। কৃতজ্ঞ জাতি তাই আজ গভীর শ্রদ্ধা-উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবে প্রিয় কবির জন্মদিন। বিস্ময়কর প্রতিভার বিচ্ছুরণে নিজেকে কবিগুরু থেকে বিশ্বকবিতে রূপান্তরিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির চিন্তা-মনন-অনুভূতির এমন কোন ক্ষেত্র নেই যেখানে কবিগুরুর সৃষ্টিশীলতার ছোঁয়া পড়েনি। সত্য, সুন্দর, ন্যায় ও কল্যাণের পথে ধাবিত করেছেন জাতির মননকে। জন্মের দেড়শ’ বছর পরেও শিল্প-সাহিত্যের প্রায় সব শাখাতেই দীপ্তিমান বিশ্বকবি। আজও তার সৃষ্টিসমগ্র ভাবনার বীজ বুনে দেয় সাহিত্য ও শিল্প অনুরাগীর হূদয়ের গহীনে। বিশ্ববাসীর জন্য কবিগুরু উপহার দিয়ে গেছেন হূদয়ে অনুরণন সৃষ্টিকারী কয়েক হাজার শ্রুতিমধুর গান। এভাবেই সাহিত্য ও শিল্পের মাধ্যমে সাহিত্য ও শিল্পানুরাগীদের, সর্বোপরি বাঙালির হূদয়ের শিকড়ে বেঁচে আছেন তিনি। বিশ্বকবির জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে তার ‘তুমি যে তুমি’ কবিতার চরণ ধরেই বলতে হয়— তুমি যে তুমিই, ওগো সেই তব ঋণ আমি মোর প্রেম দিয়ে শুধি চিরদিন। ছায়ানটের দুইদিনব্যাপী উত্সব শুরু বৃহস্পতিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী নানা আয়োজনে উদযাপিত হবে। এ উপলক্ষে দুইদিনব্যাপী রবীন্দ্র-উত্সবের আয়োজন করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’। বৃহস্পতিবার থেকে শুরু হবে উত্সব। শেষ হবে শুক্রবার। অন্যান্য বছরের চেয়ে এবারের রবীন্দ্র জন্মোত্সব উদযাপনে থাকছে ভিন্ন আবহ। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানবতাবিরোধী অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠীর অপতত্পরতার বিরুদ্ধে সরব প্রতিবাদ জানানো হবে উত্সবের নানা পরিবেশনায়। সম্মেলক ও একক কণ্ঠের গান, কবিতা আবৃত্তি, পাঠ ও নৃত্য পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে উত্সবকে। উত্সব উপলক্ষে মঙ্গলবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে এবারের উত্সবের ধরন ও প্রেক্ষাপট তুলে ধরেন ছায়ানটের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী। উত্সবের বিস্তারিত উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। উত্সবে অংশ নেবেন ঢাকাসহ দেশের নানা অঞ্চলের নবীন-প্রবীণ ও প্রতিশ্রুতিশীল শিল্পীরা। একক গান, পাঠ ও আবৃত্তিতে অংশ নেবেন ৬০ জন শিল্পী। পরিবেশিত হবে পাঁচটি দলীয় নৃত্য। সব মিলিয়ে দুইদিনের উত্সবে নানা পরিবেশনায় অংশ নেবেন প্রায় ২০০ শিল্পী। শুক্রবার দ্বিতীয় দিনের উত্সব শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই উত্সবের বাইরে কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে প্রকাশিত হচ্ছে ছায়ানটের শিল্পীদের গানের অ্যালবাম ‘রবীন্দ্রনাথের হাতে হাত রেখে’। আজ বুধবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে গানের সংকলনটির মোড়ক উন্মোচন করবেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে ২৫, ২৬, ও ২৭ বৈশাখ বাংলালিংকের সহযোগিতায় ‘বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা’ তিনদিনব্যাপী চতুর্বিংশ জাতীয় রবীন্দ্র সংগীত উত্সব আয়োজন করেছে।