কাল এসএসসির ফল প্রকাশ
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:১৪
আগামীকাল বৃহস্পতিবার চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দুপুরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার ফল জানতে পারবে।
দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর জিলা স্কুল, গার্লস স্কুল ও নূরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল থাকলেও বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম। গত ৩ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর সারাদেশে ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। হরতালের কারণে এবার পাঁচদিনের ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে অন্যদিন নেয়া হয়।