ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার সড়কে বুধবার তীব্র যানজট সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় ফণীর কারণে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া মালবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মেঘনা নদীর ওপর দ্বিতীয় সেতুর সংযোগ কাজের কারণে রাত ১২টার পর থেকে এ যানজটের সৃষ্টি হয় বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে। সকালে যানজট পরিস্থিতি আরো তীব্র ছিল যা দুপুরের পর হালকা কমলেও যানজট অব্যাহত রয়েছে। দীর্ঘক্ষণ গাড়ি স্থানে স্থানে আটকে থাকায় রমজানে রোজাদারদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। যানজটে আটকা পড়া ফেনীর একটি বাসের যাত্রী মাসুম বিল্লাহ বলেন, ভোররাতে খেয়ে ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছি। কিন্তু এখনো দাউদকান্দি সেতু এলাকায়ও পৌঁছতে পারিনি। এরকম যানজট এই সড়কে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু রোজা রমজানের মধ্যে খুবই কষ্ট হচ্ছে।

আমিরাবাদ এলাকায় ঢাকাগামী বাসযাত্রী ডালিম হোসেন বলেন, এখানে দিন নেই রাত নেই দুটো ব্রিজের মাথায় সবসময় যানজট লেগে থাকে। নতুন ব্রিজ দুটি না খোলা পর্যন্ত এ সমস্যার সমাধান হবে না। এই গরমে যানজটে বসে থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, হাইওয়ে পুলিশ চেষ্টা করছে যানজট নিয়ন্ত্রণে আনতে। ঘূর্ণিঝড় ফণীর কারণে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া মালবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মেঘনা নদীর ওপর দ্বিতীয় সেতুর সংযোগের কাজের কারণে মহাসড়ক সংকুচিত হওয়ায় যানজট তীব্র আকার ধারণ করেছে।