হেফাজতের মহাসচিব বাবুনগরীর ৯ দিনের রিমান্ড মঞ্জুর

হত্যাসহ বিভিন্ন অভিযোগে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর নয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া এ আদেশ দেন। মতিঝিল থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ মফিজুর রহমান হত্যা, লুটতরাজ, চুরি, ভাঙচুর পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বাবুনগরীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ মে হেফাজতে ইসলামের ডাকা ঢাকা অবরোধ কর্মসূচিতে সারাদেশ থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৩০/৪০ হাজার নেতাকর্মী যুক্ত হয়ে বেলা সাড়ে ৯টার সময় মতিঝিল, ইত্তেফাক মোড়, ফকিরারপুল, দৈনিক বাংলার মোড়, পল্টন মোড় এবং বায়তুল মোকাররম মসজিদের সামনে লাঠি, লোহার রড, আগ্নেয়াস্ত্র, ইট, বোমা ইত্যাদি নিয়ে ওই এলাকার দোকানপাট, গাড়ী, অফিস ইত্যাদিতে অগ্নিসংযোগের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে। তারা পুলিশের বাধা-নিষেধ উপেক্ষা করায় ঐদিন দিবাগত রাত আড়াইটায় তাদের ওই স্থান থেকে উচ্ছেদের জন্য পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় আসামিরা পুলিশ, র্যাব, বিজিবির ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালায় ও বোমার বিস্ফোরণ ঘটনায়। এ হামলার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এবি) মো. শাহজাহান নিহত হয়। আসামিরা তার নামে ইস্যুকৃত পিস্তল ও গুলি চুরি করে পালিয়ে যায়। ওই সময় পুলিশের অনেক সদস্য আহত হয়, তার মধ্যে ২৫ জন গুরুতর আহত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। সাংবাদিক ও হেফাজতের সমর্থকদের মধ্যে অনেকেই এসময় আহত হয়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিত্সাধীন অবস্থায় তাদের মধ্যে ৭ জন মারা গেছে। গ্রেফতার হওয়া হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী এ ঘটনার নেতৃত্বে ছিলেন। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের মূল পরিকল্পনা, অর্থ যোগানদাতা, আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেলের উত্স সম্পর্কে জানা সম্ভব হবে। এ আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় আরও ৪টি মামলা ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষে মহানগর অতিরিক্ত পিপি শাহআলম তালুকদার রিমান্ড আবেদনের শুনানি করেন। এসময় আদালতে অতিরিক্ত পিপি শিহাব আহমেদ, তাপস কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে আসামির জামিন আবেদনের উপর শুনানিতে ছিলেন বিএনপি ও জামায়াতপন্থী শীর্ষ আইনজীবীরা। শুনানিতে উপস্থিত ছিলেন বিএনপিপন্থি এডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, মোহসীন মিয়া, ইকবাল হোসেন প্রমুখ। মামলার এজাহারে ২৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৪০ হাজার জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাত আটটার দিকে মাওলানা জুনায়েদকে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে আরও পৃথক ২টি মামলায় ৪০ জন হেফাজত কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন একই আদালত। তাদের ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় শাহবাগ ও রমনা থানার গ্রেফতার করা হয়। হেফাজতের ৪০ কর্মীকে রিমান্ডে এদিকে হেফাজতে ইসলামের ৪০ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন গতকাল তাদের রিমান্ড মঞ্জুর করেন। মহানগর পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, রমনা থানা পুলিশ হেফাজতের ২০ কর্মীকে সোমবার আদালতে হাজির করে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেফতার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করে। আর শাহবাগ পুলিশ আরো ২০ জনকে একইভাবে পাঁচ দিনের রিমান্ড চায়। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া হেফাজতের আরো ১৬ কর্মীকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে সোমবার তাদের কারাগারে পাঠান বিচারক। গত রবিবার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও মতিঝিলের সমাবেশ চলাকালে পুলিশের কাজে বাধা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করে পুলিশ।