হরতাল প্রত্যাহারের আহবান বিজিএমইএ ও বিকেএমইএ’র
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:১৫
বিরোধী দলের আজ ও আগামী দুই কার্যদিবসের হরতালে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
গতকাল উভয় সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ৯ মে (আগামীকাল) চীন থেকে ২০টি বিখ্যাত পোশাক ক্রেতার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছেন। এই ব্র্যান্ডগুলোর প্রত্যেকেরই শুধুমাত্র চীনেই শতাধিক স্টোর আছে। চীনা প্রতিনিধিদলের এই সফরের মধ্যে হরতাল থাকলে তাদের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। বাংলাদেশ সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা জন্ম নিতে পারে। সেই সাথে রানা প্লাজায় হতাহতদের উদ্ধার কার্যক্রমের সাথে জড়িত অন্যান্য কার্যক্রমও বিঘ্নিত হতে পারে। এই বিবেচনায় বিরোধী দল ও হেফাজতে ইসলামকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠন দু’টি।