কাঁচপুরে আহত বিজিবি সদস্য ও গুলিবিদ্ধ শিক্ষার্থী মেডিক্যালে মারা গেছেন
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:১৫
নারায়ণগঞ্জের কাঁচপুরে বিজিবি’র সঙ্গে হেফাজত ইসলামের সংঘর্ষে আহত বিজিবি সদস্য সিপাহী লাবলু হোসেন (২৩) গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। দুপুরে তার লাশ বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।
তার পিতার নাম আব্দুস সোবহান। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শালজোড় গ্রামে তার বাড়ি। তিনি ৪৮, বর্ডার গার্ড ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
কাঁচপুরে সংঘর্ষে আহত সুমন (১৮) সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। সোমবার সকাল ৯টার দিকে কাঁচপুরে সংঘর্ষের সময় সুমন তার ভাগ্নি ফাহিমাকে স্কুলে দিয়ে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়ায় বাড়িতে ফিরছিল। সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মাদার কেয়ার হাইস্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল সে। সাহেবপাড়ার নিজ বাড়ির কিছু দূরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে সুমনের স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে লাশ সিদ্ধিরগঞ্জে নিয়ে যান।