ফেসবুকে ধর্ষকের ছবি ভাইরাল, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

অবশেষে পলাতক ধর্ষক শহীদুল ইসলাম বুধবার দুপুরে ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় জনতার হাতে ধরা পড়ে। ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে মধুপুর থানা পুলিশে সোপর্দ করে। ধর্ষক শহীদুল মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বেকারকোনা গ্রামের শাহজাহান ওরফে ইয়াজউদ্দীন দর্জির ছেলে।

মধুপুর থানা পুলিশ জানায়, গত শনিবার শহীদুল একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে পাশবিক নির্যাতনের পর শিশুটিকে ফেলে পালিয়ে যায়। শিশুটির কান্না শুনে আশ-পাশের লোকজন উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা হাসপাতাল এবং পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই পরে শিশুটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়। এ ব্যাপারে মধুপুর থানায় ধর্ষণ মামলার প্রেক্ষিতে শহীদুল বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু ধর্ষকের সন্ধান চেয়ে ফেসবুকের সচিত্র স্ট্যাটাস ভাইরাল হয়ে যায়। এরই প্রেক্ষিতে পাকুটিয়া বাসস্ট্যান্ডে ঘুরাফিরার সময় জনতার হাতে আটক হয় শহীদুল।

মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।