হেফাজতের নিহত আরো ১ কর্মীর লাশ সনাক্ত
প্রকাশ : ০৭ মে ২০১৩, ২৩:১৬
শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে পুলিশের গুলির ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পড়ে থাকা অজ্ঞাত দুই লাশের মধ্যে একজনের পরিচয় মিলেছে। ময়মনসিংহের ভালুকার তালাহু গ্রামের আব্দুল হান্নান মোল্লা গতকাল সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে গিয়ে তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তির নাম আব্দুল ওহাব মোল্লা (৩০)। তিনি হাটহাজারী মাদ্রাসায় মুফতি শ্রেণিতে পড়তেন । আব্দুল হান্নান আরো জানান, তার ভাই হাটহাজারী থেকে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নিয়েছিলেন।
আরো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পড়ে আছে। সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে এক ব্যক্তির লাশ রয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ৩২ জন হেফাজত কর্মী গতকাল হাসপাতাল ছেড়েছেন। তারা অন্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নেয়া মোক্তার হোসেন (২৫), শাহীন খান (৪৫), হাবিল (১৭), সুজন (২২), মহসিন (১৯) ও রিয়াজ উদ্দিন (২৬) জানান, পুলিশ তাদের গ্রেফতার করতে পারে। এই ভয়ে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। তাদের অনেকেরই শরীরে পুলিশের রাইফেলের গুলি ও রাবার বুলেট বিদ্ধ হয়েছে।