হরতালের আগেই তিন গাড়িতে আগুন

বিএনপিসহ ১৮ দলের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল শেষে স্কাউট ভবনের সামনে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস কে বা কারা জ্বালিয়ে দেয়। একই সময়ে তেজগাঁও কলোনী বাজারে দাঁড়িয়ে থাকা সরকারি স্টাফ বাস জ্বালিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। সন্ধ্যায় কাওরান বাজারে মিরপুর-গুলিস্তান রুটের ইটিসি পরিবহনের একটি বাসে এক যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের হেলপার চিত্কার করলে যাত্রীরা ধাওয়া করে রাসেল নামের ঐ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে।