হেফাজত দেশকে উগ্রপন্থি রাষ্ট্রে পরিচিত করাতে চায়:ডা. ইমরান

শাহবাগের গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকার বলেছেন জামায়াত-শিবিরের সন্ত্রাসী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশকে বহির্বিশ্বে একটি উগ্রপন্থি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য রাজধানীসহ দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। গতকাল জাতীয় জাদুঘরের সামনে ‘কোরআন শরীফে হেফাজতের অগ্নিসংযোগ ও তাণ্ডবের’ প্রতিবাদে গণজাগরণ মঞ্চ আয়োজিত মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইমরান বলেন, জামায়াত-শিবির গণজাগরণ মঞ্চের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য শুরু থেকেই চেষ্টা করে আসছিল। আমরা হেফাজতের সঙ্গে বার বার আলোচনা করতে চাইলেও তারা আমাদের আহ্বানে সাড়া দেয়নি। তিনি বলেন, হেফাজতে ইসলাম ৫ মে ঢাকা অবরোধের নামে মতিঝিলের মহাসমাবেশ থেকে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ ধ্বংসযজ্ঞ কোনো ধর্মীয় গোষ্ঠী করতে পারে না। হেফাজতের এ ধরনের কর্মকাণ্ড প্রমাণ করেছে যে তারা জামায়াত-শিবিরের একটি সন্ত্রাসী সংগঠন। তাদের এ ধরনের কাজ বাংলাদেশের মানুষ কোনো দিন মেনে নেবে না। সরকার হেফাজতের এ ধরনের কর্মকাণ্ড দমন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানান ডা. ইমরান। ইমরান বলেন, আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন মাস ধরে শাহবাগের গণজাগরণ মঞ্চে আন্দোলন করছি। আমাদের আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের মঞ্চ ভেঙ্গে আমাদের দমিয়ে রাখা যাবে না। গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত সব কর্মসূচি চলবে। ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চ বিকালে একটি মিছিল বের করে। মিছিলটি শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে ব্লগার ও বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।