১২ কার্যদিবস পর ডিএসইর লেনদেন দুইশ কোটির উপরে

ঊর্ধ্বমূখী প্রবণতা দিয়ে দিন শুরু করলেও শেষ পর্যন্ত গতকাল বুধবার দরপতনের মধ্য দিয়েই লেনদেন শেষ হয়েছে। তবে দরপতন হলেও লেনদেনের গণ্ডি দুইশ কোটি টাকা পার হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। এদিকে বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতালের কারণে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের আনাগোনা কম থাকলেও অনেকেই লেনদেন করেছেন টেলিফোনের মাধ্যমে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২০৯ কোটি টাকা। টানা ১২ কার্যদিবস দুইশ কোটি টাকার নিচে লেনদেন হওয়ার পর গতকালই তা দুইশ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার উপর নির্ভর করেই বর্তমানে বাজারে লেনদেন হচ্ছে। এরই প্রভাব দেখা গেছে গতকালের বাজারেও। এদিন শেয়ারবাজারের লেনদেন হয়েছে পোশাক খাতকে কেন্দ্র করে। এ খাতের কোম্পানিগুলোতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১৩ দশমিক ৭৩ শতাংশ। লেনদেনের ক্ষেত্রে এরপরই রয়েছে ফার্মাসিউটিক্যালসের প্রাধান্য। এ খাতে লেনদেন হয়েছে সাড়ে ১২ শতাংশ। ডিএসইর তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯ পয়েন্ট কমে ৩ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক কমেছে ৫ পয়েন্ট। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৭ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০৯ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৭৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এদিকে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই সিকিউরিটিজ হাউসের জরিমানা মওকুফের আবেদন নামঞ্জুর করেছে বলে জানা গেছে। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে অস্বাভাবিক লেনদেনের দায়ে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড ও শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে ১ লাখ টাকা করে জরিমানা করেছিল বিএসইসি। ৪৭৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।