অন্য তারকা

সাবলীল উপস্থাপনায়

ছোটবেলাতেই মনে স্বপ্ন আঁকেন মিডিয়ায় কাজ করবেন বলে। তা হতে হবে একটু ভিন্ন ধরনের কাজ। তাই শোবিজ জগতের সব এরিনা ছেড়ে রুমানা বেছে নিয়েছেন উপস্থাপনা। উপস্থাপনা কঠিন হলেও নিজের মেধা, যোগ্যতা দিয়ে নিজেকে তারকার আসনে বসিয়েছেন। তার এই সাফল্যের পেছনের রহস্য কী জানতে চাইলে রুমানা বলেন, ‘আমি প্রতিটি কাজ ভালোবেসেই করি। সেই সাথে প্রতিটি মানুষকে সম্মান করি এবং সময় মেনটেইন করি। এই সব কিছুর সমন্বয়েই আমার আজকের এই অবস্থানে আসা।’ ২০০৩ সাল তিনি উপস্থাপনা করছেন। আর সরাসরি দর্শকের মুখোমুখি হওয়ার সুযোগ থাকে বলে তিনি উপস্থাপনাকে এনজয় করেন। একজন উপস্থাপকের জন্য বড় চ্যালেঞ্জ কী? উত্তরে রুমানা বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করাই হলো একজন উপস্থাপকের জন্য বড় চ্যালেঞ্জ।’ উপস্থাপনা করে আপনার কোন জিনিসটি ভালো লাগে? প্রশ্ন শুনে তিনি মৃদু হেসে বলেন, ‘আমি উপস্থাপনা করে অনেক প্রশংসা পাই। আর তরুণদের মাঝেও ইদানীং বেশ রেসপন্স পাচ্ছি।’ একজন উপস্থাপকের কী কী গুণ থাকতে হয়? জবাবে তিনি বলেন, ‘প্রথমেই প্রয়োজন হয় উপস্থিত বুদ্ধি। এরপর সঠিক উচ্চারণ ও প্রতিটি সেক্টরের বেসিক নলেজ থাকতে হবে একজন উপস্থাপকের।’ বর্তমানে তিনি এটিএন বাংলার ঊর্ধ্বতন প্রযোজক ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের কাজ সম্পর্কে তিনি বলেন, ‘লাইফ অ্যান্ড বিউটি’ আমার প্রযোজনা এবং পরিকল্পনায় এবং আজরা মাহমুদের উপস্থাপনায় লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক এ অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হয় প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা দশ মিনিটে। এ ছাড়া ‘শোবিজ ওয়ার্ল্ড’ আমার উপস্থাপনা, প্রযোজনা এবং পরিকল্পনায় বিনোদন দুনিয়ার খোঁজখবর নিয়ে সাজানো সাপ্তাহিক এ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল চারটা বিশ মিনিটে। সেইসাথে ঈদ, নববর্ষসহ বিভিন্ন উত্সবে প্রচারিত সংগীতানুষ্ঠান পরিকল্পনা, প্রযোজনা ও উপস্থাপনা করে থাকি।’ এই প্রতিভাময়ী তরুণীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। তিনি পড়াশোনাতেও সব সময় প্রথম সারিরই একজন। তার ভাষ্যে, ‘বাবা বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন বলে শৈশব ও কৈশোর কেটেছে সেনানিবাসের বিমান কলোনিতে। আমরা দুই বোন ছিলাম বাবার চোখের মণি। আমাদের দুই বোনকে গভীর স্নেহ ও ভালোবাসায় জড়িয়ে রেখেছেন আমৃত্যু। আর মায়ের কথা কি বলব—আমার দৃষ্টিতে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। মায়ের কাছ থেকে শাসন ও সোহাগ দুটোই পেয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা অনুষদ থেকে প্রথম শ্রেণী ও দ্বিতীয় মেধাস্থানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি। আমার ছোট বোন আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করে বর্তমানে রাজধানীর এপোলো হাসপাতালে কর্মরত আছে। আমার স্বামী একটি বহুজাতিক ব্যাংকে কর্মরত। আমার একমাত্র সন্তান স্কলাস্টিকা স্কুলের কেজি শ্রেণীতে পড়ছে।’ নিজের কাজের বিষয়ে রুমানা সব সময় পরিবারের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়ায় কাজের জন্য পরিবার থেকে সহযোগিতা পাই বলেই আজ এতদূর আসতে পেরেছি।’ উপস্থাপনা ও প্রযোজনার মধ্যে কোন পরিচয়টি আপনার ভালো লাগে এবং কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুটোই ভালো লাগে তবে প্রযোজনা তথা পরিচালনার কাজটি বেশি উপভোগ করি, কারণ এর মাধ্যমে অনুষ্ঠান পরিকল্পনা থেকে শুরু করে অনুষ্ঠানের শেষ পর্যন্ত প্রতিটি ধাপে নিজের ভাবনা ও কর্মদক্ষতা প্রকাশের সুযোগ থাকে।’ ভবিষ্যত্ স্বপ্নের কথা জানতে চাইলে রুমানা আফরোজ মৃদু হেসে বলেন, ‘আসলে স্বপ্ন তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। উপস্থাপনা চালিয়ে যাব। আর ভিন্নধর্মী অনুষ্ঠান নির্মাণের ইচ্ছা আছে। সেইসাথে ফিল্ম আমার প্যাশন। তাই আগামীতে নিজেকে যথাযথভাবে প্রস্তুত করে চলচ্চিত্র পরিচালনায় সম্পৃক্ত হতে চাই।’