স্যাটেলাইট
সাবিত্রী প্রেমের অগ্নিপরীক্ষায় এক নারী
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:১৯
‘সাবিত্রী’ সিরিয়ালের গল্প স্বামীর প্রতি অপরিসীম ভালোবাসায় ডুবে থাকা এক নারীকে নিয়ে। স্বামীর ভালোবাসা তাকে অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহস ও শক্তি জোগায়। সেই অশুভ শক্তি রাহুকাল হয়ে সাবিত্রীর প্রেমময় জীবনটাকে তছনছ করে দিতে চায়। নারকীয় পরিবেশ সৃষ্টি করে সাবিত্রীকে তার প্রিয়তম মানুষটির কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইলেও ভালোবাসার অসাধারণ শক্তির কাছে সব অশুভ শক্তির পরাজয় হয় বারবার। তেমনি ঘটনা প্রবাহ ‘সাবিত্রী’ সিরিয়ালে সাসপেন্স থ্রিল নাটকীয়তার জন্ম দিয়েছে।
‘সাবিত্রী’ সিরিয়ালের কাহিনী শুরু বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদিকালে যখন পৃথিবী বড় একটি অংশ নিয়ন্ত্রণ করত অশুভ শক্তির ধারক রাহুকাল। দুষ্ট শক্তিতে বলিয়ান রাহু রাজকুমারী দয়ামন্তির রূপযৌবনে আকৃষ্ট হয়ে তার প্রেমে পড়ে। রাহু একতরফাভাবে সুন্দরী রাজকন্যা দয়ামন্তিকে ভালোবাসে এবং তাকে যেকোনো মূল্যে একান্তভাবে পেতে চায়। দয়ামন্তি ভালোবাসে রাজ্যের সেনাপতি বীরকে। এক পর্যায়ে রাহু বীরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যুদ্ধ আহ্বান করে। যুদ্ধে অপকৌশলের আশ্রয় নিয়ে রাহু অন্যায়মূলকভাবে বীরকে পরাজিত করে হত্যা করে। এভাবে পথের কাঁটা সরিয়ে রাহু রাজকুমারী দয়ামন্তিকে পেতে বেপরোয়া হয়ে ওঠে। মৃত্যুর আগে বীর দয়ামন্তির কাছাকাছি আসার পর সব কথা খুলে বলে। বীরের করুণ বেদনাদায়ক মৃত্যু দয়ামন্তি সহ্য করতে পারে না। প্রতিশোধ স্পৃহায় জ্বলে ওঠে রাজকুমারী এবং এক পর্যায়ে রাহুকালকে হত্যা করে। মৃত্যুর আগে বীর ও দয়ামন্তি পরস্পরের কাছে অঙ্গীকার করে যুগে যুগে তারা আরও শত শত বার জন্ম নিয়ে পৃথিবীতে আসবে এবং একে অন্যের পাশাপাশি তাকাবে প্রিয়তম-প্রিয়তমা হিসেবে। এভাবে ১৯৯০-এর পটভূমিতে দয়ামন্তি এবং বীর পুর্নজন্ম নেয় সাবিত্রী এবং সত্যরূপে ফিরে আসে আবার পৃথিবীতে। ওদিকে অশুভ শক্তি রাহুকালেরও বিনাশ হয় না। রাহুর বোন গুলিকারও আবির্ভাব ঘটে। সাবিত্রী ও সত্যের প্রেম ভালোবাসার বহমান ধারা ঠেকিয়ে দিতে নানা ষড়যন্ত্রের জাল বুনে গুলিকা। এভাবে একদিন রাহুকালও ভয়ঙ্কর রূপ ধারণ করে ফিরে আসে তাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলতে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। এভাবে কেটে যায় আরও ২৩টি বছর। ২০১৩-তে সাবিত্রী ও সত্য পূর্ণবয়স্ক হয়ে ওঠে। তারা এ যুগের প্রেমিক-প্রেমিকা যুগল হিসেবে পরস্পরকে গভীর ভালোবাসার বন্ধনে জড়ায়। একসময় সত্য সাবিত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সাড়া দিতে গিয়ে সাবিত্রীর কাছে দুঃস্বপ্নের ঘোরে ফিরে আসে সেই অতীত জন্মের ভয়ঙ্কর ঘটনাগুলো। অশুভ শক্তির ধারক রাহুকাল দু’জনের সম্পর্কে সন্দেহ অবিশ্বাস আর অনিশ্চয়তার দেয়াল সৃষ্টি করতে অপতত্পরতা চালায়। শুরু হয় এই সময়ের প্রেক্ষাপটে শ্বাসরুদ্ধকর সাসপেন্সপূর্ণ কাহিনী। পৌরাণিক ঘটনাবলির সঙ্গে বর্তমান সময়কালকে একই সুতোয় গাথায় ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা রয়েছে ‘সাবিত্রী’ সিরিয়য়ালে যা দর্শকদের চুম্বুকের মতো ধরে রেখেছে। ‘সাবিত্রী’ সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার আলোচিত সুন্দরী অভিনেত্রী হূদ্ধি ডোগরা। দর্শক এর আগে স্টার প্লাস চ্যানেলের ‘মারইয়াদা’ সিরিয়ালে নায়িকা প্রিয়া চরিত্রে হূদ্ধিকে দেখেছে। তবে এবার ‘সাবিত্রী’ সিরিয়ালে রাজকুমারী দয়ামন্তি এবং সাবিত্রী রোলে তার মাল্টি ডাইমেনশনাল পারফর্মেন্স দর্শকদের চমকিত করছে। এ ছাড়া অন্যান্য রোলে অভিনয় করছেন অঙ্গাদ হাশজা, ইয়াশপণ্ডিত, ইন্দ্রানী হালদার, সুরি, রেশমি ঘোষ, সুমনা দাস প্রমুখ। লাইফ ওকে চ্যানেলে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯টায় ‘সাবিত্রী’ সিরিয়ালটি দেখানো হয়।