মিউজিক

গিনেজ বুকে সাই

পুরো বিশ্বে এখন এক ভাইরাসে আক্রান্ত, আর তা হলো দক্ষিণ কোরিয়ার মিউজিক ভিডিও ‘গ্যাংনাম স্টাইল’। ফেসবুক, টুইটার, ইউটিউব—সাইবার বিশ্বের পুরোটাই করায়ত্তে আনার পর হলিউড, বলিউড, বিশ্ব ক্রীড়াঙ্গন এমনকি বড় বড় বিশ্ব নেতাদের মধ্যেও ঝড় তুলতে সক্ষম হয়েছে মিউজিক ভিডিওটি। এই ভাইরাস যার কাছ থেকে এসেছে তার নাম সাই। দক্ষিণ কোরিয়ার পপ সিঙ্গার। তার আসল নাম পার্ক জে সং হলেও, সাই নামেই বিখ্যাত তিনি বিশ্বের কাছে। গ্যাংনাম স্টাইল গানটি মূলত কে-পপ ঘরানার। কে-পপ হচ্ছে কোরিয়ান পপ মিউজিকের সংক্ষিপ্ত রূপ। পূর্ব এবং আর পশ্চিমের পপ মিউজিকের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায় এই কে-পপে। এই ধাঁচের গানগুলোতে বেশিরভাগ শিল্পী থাকেন কোরিয়ান, নাচের মুদ্রাগুলোতে থাকে এশিয়ার প্রভাব, কিন্তু শুনতে অনেকটাই ওয়েস্টার্ন গানের মতো শোনায়। আর সঙ্গে থাকে হিপহপ বক্সিং, ইউরো-পপ কোরাসসহ আরও অনেক কিছু। শুরুতে দক্ষিণ কোরিয়ার স্থানীয় কে-পপ ভক্তদের কথা চিন্তা করেই এটি তৈরি করেছিলেন সাই। পরবর্তীতে ইউটিউবে এটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঘটতে থাকে একের পর এক অভাবনীয় ঘটনা। ইউটিউবে প্রথমদিনেই প্রায় পাঁচ লাখ হিট হয় এটিতে। পরবর্তীতে ৮৩ কোটি বার ইউটিউবে এই ভিডিওটি দেখেন দর্শকরা। জাস্টিন বিবারের ‘বেবি’কে টপকে ওয়েবসাইটটির ইতিহাসে সর্বোচ্চ হিটের অধিকারী এখন ‘গ্যাংনাম স্টাইল’। ঘোড়ায় চড়ার মতো একটা স্টেপের জন্য বিখ্যাত গ্যাংনাম স্টাইল। ঘোড়ার আস্তাবল, বাচ্চাদের খেলার মাঠ, ট্রেনসহ আরও অনেক সেটে শুটিং হয় এর। পুরো মিউজিক ভিডিওতে মজার মজার সব দৃশ্যের মধ্যে আরেকটি জনপ্রিয় দৃশ্য হচ্ছে এলিভেটরের দৃশ্য, যেখানে সাইয়ের সহশিল্পী কোমর দুলাতে থাকে আর তার নিচে শুয়ে থাকা অবস্থায় গান গেয়ে যেতে থাকেন তিনি, যতক্ষণ না লিফটের দরজা বন্ধ হয়। আর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এনিমেটেড সাই, মিউজিক ভিডিওটির একদম শেষে আসে এটি। মজার ব্যাপার হলো, যে শিল্পীর কারণে পুরো বিশ্ব এখন মেতে আছে ‘গ্যাংনাম স্টাইল’-এ, সেই সাইয়ের কিন্তু আদতে হওয়ার কথা ছিল একজন ব্যবসায়ী। সাইয়ের বাবা তার ছেলের জন্য ঠিক করে রেখেছিলেন এমনটাই। আর তাই ১৯৯৬ সালে ব্যবসা প্রশাসনে স্নাতক হওয়ার জন্য ছেলেকে তিনি পাঠান যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে। কিন্তু বাণিজ্য নিয়ে পড়াশোনা বাদ দিয়ে সাই ভর্তি হয়ে যান বিখ্যাত বার্কলে কলেজ অব মিউজিকে। সেই থেকে মিউজিকের হাত ধরে পথচলা শুরু করেন তিনি। সম্প্রতি এমটিভি ইউরোপ অ্যাওয়ার্ডে ‘বেস্ট মিউজিক ভিডিও’-এর পুরস্কার জেতে ‘গ্যাংনাম স্টাইল’। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রের মানুষদের মধ্যেও একটি ক্রেজে পরিণত হয় এটি। বিশ্ব ক্রীড়াঙ্গনে বেশ ভালোভাবেই গ্যাংনাম স্টাইলের মাধ্যমে নিজের রাজত্ব কায়েম করতে সক্ষম হয়েছেন সাই। জ্যামাইকান ক্রিকেটার ক্রিস গেইল এবার আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের মধ্যকার খেলার সময়, দু’টি উইকেট নিয়ে দুইবার গ্যাংনাম স্টাইলে নেচে বিজয় উদযাপন করেন। পরে বিশ্বকাপ জিতে পুরো ওয়েস্ট ইন্ডিজ দলের সেলিব্রেশনেও চলে এসেছিল এটিই। একই ভঙ্গীতে বিজয়ের হাসি হাসেন টেনিস তারকা নোভাক জোকোভিচও, এ বছরের চায়না ওপেনের একটি ম্যাচ জেতার পর। এই তালিকায় আরও আছেন অ্যামেরিকান জাস্টিন গ্যাটলিন। জিয়ান সিটি হল ইন্টারন্যাশনাল ম্যারাথন জেতার পর এই স্টাইলে নেচে বিজয় উপভোগ করেন তিনি। সংগীতশিল্পী কেটি পেরি টুইটারে পোস্ট করেন, ‘কেউ আমাকে সাহায্য করুন, আমি গ্যাংনাম স্টাইলে আক্রান্ত!’ ব্রিটনি স্পিয়ারসহ নাচটা শিখতে চেয়েছেন, টম ক্রুজ, জাস্টিন বিবার। এই তালিকা আরও অনেক দীর্ঘ। এমনকি অ্যানড্রয়েডের ইনপুট মেথডের শব্দ তালিকায় ‘গ্যাংনাম স্টাইল’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিডিও গেমস বানানো হয়েছে এই স্টাইলের উপর। বিভিন্ন জায়গায় ফ্ল্যাশ মবিং শুরু হয় এই স্টাইল নিয়ে। প্রথম হয় ক্যালিফোর্নিয়া আর সিডনিতে। এরপর ম্যানহাটনের টাইম স্কয়ারে, এবি’র ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠান চলার সময়ে। এরপর আর্জেন্টিনা, রাশিয়াসহ আরও অনেক জায়গায়। ইতালিতে ২০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিল এই ‘গ্যাংনাম স্টাইল’-এরই এক ফ্ল্যাশ মবিংয়ে। থাইল্যান্ডের একটি গ্রামের ভূত উত্সবেও এ স্টাইলে নাচ প্রদর্শিত হয়। এমনকি ঢাকার কারওয়ানবাজারেও এটি নিয়ে ফ্ল্যাশ মব হয়েছিল কিছুদিন আগে। এই কম্পোজিশন আর মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি, আর অদ্ভুত মজার এই গ্যাংনাম স্টাইল, এক অনন্য অসাধারণত্ব এনে দিয়েছে ‘ওপ্পা গ্যাংনাম স্টাইল’-কে। আর তাইতো পুরো বিশ্ব মাতোয়ারা ‘গ্যাংনাম স্টাইল’ জ্বরে।