বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আব্দুল গাফ্ফার সুমন, মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:২৪
কুমিল্লা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৪ এপ্রিল রোববার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে ৩ শতের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ শতাধিক প্রতিযোগী পুরস্কার পায়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এটিএম আলমগীর, অ্যাডভোকেট আবুল বাশারকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও অপর ২ জন প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা মরহুম হামিদুর রহমান ও মৌলভী নুরুল বাশার মিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তা ছাড়া প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম ও সাবেক এমপি কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিমকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সামছুল আলম ফিরোজ। অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদুর রহমান প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান, সদস্য সচিব মিজানুর রহমান মজুমদার, গিয়াস উদ্দিন ভুঁইয়া, মনোহরগঞ্জ উপজেলা শৈল্পিক আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের সাধারণ সম্পাদক মোখতার হোসেন সুমন। স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন।