শিল্পকলা একাডেমির সপ্তাহব্যাপী কর্মশালা সমাপ্ত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী সংগীত প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। কর্মশালার শেষ দিনে গত শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাদ ছাল্লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিল্পকলা একাডেমির সদস্য সচিব রাশেদ হোসেন চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য ও প্রশিক্ষক পীযূষ কান্তি আচার্য্য, পরিচালনা কমিটির সদস্য প্রভাষক মো. মনির হোসেন, প্রশিক্ষক এনায়েত এ মওলা জিন্নাহ এবং প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সঞ্জিব সূত্রধর। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। প্রশিক্ষণার্থীরা পর পর পাঁচটি সমবেত কণ্ঠে জাগরণের গান গেয়ে শিল্পকলা একাডেমিতে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ তুলে দেন। জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার তার বক্তৃতায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় জাগরণের গান মুক্তিযোদ্বাদের যেভাবে সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছিল তেমনি ভাবে বর্তমানেও সকল প্রকার কুপমণ্ডুকতা ও মুক্তিযুদ্বের চেতনা বিরোধী অপ-শক্তির সাথে লড়াইয়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’