শেষ হলো সপ্তাহব্যাপী সাংগ্রাই উত্সব
এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:২৫
রাঙ্গামাটি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা এলাকায় সপ্তাহ্যব্যাপী ঐতিহ্যবাহী সাংগ্রাই পুনর্মিলনী-২০১৩ অনুষ্ঠানের বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী সাংগ্রাই উত্সব। সমাপনী অনুষ্ঠানে জলকেলি আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সংস্কৃতি হোক সাম্প্রদায়িক সম্প্রীতির সেতুবন্ধন।’ আর এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে মারমা সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকেও তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুকিমারা শিক্ষা উন্নয়ন সংস্থার (কেডো)র সভাপতি ও ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান অংলা চিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান দিদারুল আলম, ৩নং চিত্মরম ইউপি চেয়ারম্যান থোয়াই চিং মারমা, ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা ও কাপ্তাই থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন।
তিনি বলেন, ‘সাংগ্রাইয়ের মূল লক্ষ্য হলো পুরোনো বছরের ভুল ভ্রান্তি, হিংসা, দুঃখ গ্লানি-ব্যর্থতা সবকিছু ভুলে গিয়ে সকলে যেন নতুন বছরে নতুন আঙ্গিকে নতুন উদ্যমে নতুন উদ্দীপনায় নতুন বর্ষকে বরণ করি। নববর্ষ যেন সকলের জন্য সুখ সমৃদ্ধি বয়ে আনে এ প্রত্যাশা নিয়েই সাংগ্রাই অনুষ্ঠান।