মার্কিন সামরিক বাহিনীতে বাড়ছে যৌন অপরাধ
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৩৪
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন অপরাধের হার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে বলে পেন্টাগনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ২০১২ সালে কর্মক্ষেত্রে ৬ দশমিক ১ ভাগ নারী তাদের দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত যৌন হয়রানির শিকার হয়েছেন।
পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীতে এটি এখন মহামারির মতো আকার ধারণ করেছে। হেনস্তার শিকার বেশ কয়েক হাজার নারী সদস্য সামজিক কারণে তাদের মুখ খুলতে রাজি হচ্ছেন না। যদিও তাদের এ অবস্থা থেকে রক্ষায় নানা সহায়তামূলক কর্মসূচি চালু রয়েছে। তারপরও তাদের অনেকে এটি প্রতিরোধে সামনাসামনি হচ্ছেন না। গত বছরে ওই বাহিনীতে নতুন করে যৌন হয়রানির শিকার হয়েছেন ২৬ হাজার নারী সদস্য। সেখানে চালানো জরিপের এ ফল মঙ্গলবার প্রকাশিত হয়। প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো ঠিক তার কয়েকদিন আগে সেদেশের বিমানবাহিনীর যৌন নির্যাতন প্রতিরোধ শাখার প্রধানের বিরুদ্ধে ভার্জিনিয়ায় এক নারীকে হেনস্তার অভিযোগে গ্রেফতার করা হয়। এ ঘটনার পর সেখানে বেশ তোলপাড় সৃষ্টি হয়। এর আগে এক কর্মকর্তা এই অপরাধে দোষী সাব্যস্তও হন। এসব ঘটনা থেকে তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তবে এতে জরিপে অংশগ্রহণকারী নারী সদস্যদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। এতে আরো বলা হয়, পদোন্নতি এবং সুযোগ-সুবিধার দোহাই দিয়েই এসব যৌন হয়রানি চালানো হচ্ছে। উল্লেখ্য, ২০১১ সালে এ সংখ্যা ছিল ১৯ হাজার। একই ঘটনা ঘটেছে পুরুষ সদস্যদের ক্ষেত্রেও। ২০১২ সালে প্রায় ১৪ হাজার পুরুষের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে প্রতিবেদনে উলে¬খ করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সামরিক বাহিনীতে এ ধরনের অপরাধকে কোনভাবেই সহ্য করা হবে না। কোন সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত হওয়ার প্রমাণ মেললে তাকে আইনের আওতায় এনে জবাবদিহি করতে হবে। এমনকি তাকে চাকরিচ্যুতও করা হতে পারে।