সংবাদ কণিকা
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২০:৩৪
যান্ত্রিক মাছি
রোবটিক্স নিয়ে গবেষণায় আরো একধাপ এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। মার্কিন বিজ্ঞানীরা বানিয়েছেন নতুন এক রোবো-ফ্লাই বা যান্ত্রিক মাছি, যা উড়তে পারে আসল মাছির মতোই। যান্ত্রিক মাছিটি বানিয়েছেন যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দলনেতা ড. কেভিন মা দাবি করেছেন, উড়তে সক্ষম রোবটগুলোর মধ্যে তাদের বানানো রোবটটিই সবচেয়ে ছোট। মাছির মত পোকাগুলো ঠিক কিভাবে উড়ে, সে ব্যাপারে পরিষ্কার ধারণা পেতেই রোবটটি বানানো হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর উদ্ধার কাজেও এই রোবো-ফ্লাই ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছেন তারা।—বিবিসি
নবজাতকের মৃত্যুর হার
ভারতে বছরে জন্মের ২৪ ঘন্টার মধ্যেই ৩ লাখেরও বেশি নবজাতক সংক্রমণ এবং অন্যান্য রোগে মারা যায়। শিশুমৃত্যুর এই পরিস্থিতি বিবেচনায় পাশ্ববর্তী দেশগুলো তুলনামূলক ভাল অবস্থানে রয়েছে। তবে নবজাতক মৃত্যুর ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশসমূহে গর্ভবতী মায়ের অপুষ্টিজনিত কারণ একটি বড় ভূমিকা পালন করে। মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন-এর বার্ষিক এক প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য তুলে ধরেছে। সংস্থাটি ভারতে নবজাতক মৃত্যুর কারণ হিসেবে রাজনৈতিক সদিচ্ছা এবং এই খাতে সুষ্ঠু অর্থায়নের অভাবকেই দায়ী করেছে। বিশ্বে নবজাতকের মোট মৃত্যুর ২৯ শতাংশের মৃত্যু ভারতেই হয়ে থাকে। —রয়টার্স
পাকিস্তানে হামলায় নিহত ১
পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে আত্মঘাতি বোমা হামলায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। সেখানে একটি থানার বাইরে বিস্ফোরক ভর্তি গাড়ির বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানায়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় বুধবার ভোরে এ আত্মঘাতি হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ প্রধান আব্দুল গফুর আফ্রিদি বলেন, ‘বান্নু জেলার দমাইল পুলিশ স্টেশনের কাছে ঐ আত্মঘাতি হামলায় এক মহিলা নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্য ও দুটি শিশু রয়েছে।—এএফপি
ফিলিপাইনে আগ্নেগিরির অগ্নুত্পাত
ফিলিপাইনে মঙ্গলবার একটি আগ্নেয়গিরির অগ্নুত্পাত ঘটেছে। এ সময় আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বিপুল পরিমাণ ছাইমেঘ নির্গত হয় এবং বিদেশি পর্যটকরা এর কবলে পড়ে যায়। ন্যাশনাল ডিজাসটার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিলের প্রধান এডওয়ার্ডো ডেল রোজারিও ডিজেটবিবি রেডিওকে বলেন, ‘প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় তিন জনের মৃত্যু ও চারজন আহত হয়েছে। তবে তারা বিদেশি না স্থানীয় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।—এএফপি
অপহরণে গ্রেফতার তিন ভাই
এক দশক ধরে নিখোঁজ থাকা তিন নারীকে উদ্ধারের পর তাদের অপহরণের অভিযোগে সন্দেহভাজন তিন ভাইকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। ক্লিভল্যান্ডের অজ্ঞাতনামা যে বাড়িতে তিন নারীকে রাখা হয়েছিল সেটি খুঁজে পেয়েছে ওহিও পুলিশ। মঙ্গলবার এফবিআই এক মুখপাত্র পল ব্রেসন জানান, আমরা ক্লিভল্যান্ড পুলিশকে সাথে নিয়ে পরিবারগুলোর সঙ্গে কাজ করছি। ঘটনাটি কিভাবে হল তা বের করার চেষ্টা করছি। জননিরাপত্তা বিষয়ক পরিচালক মার্টিন ফ্লাস্ক বলেছেন, সেইমোর এভিন্যুয়ের ঐ বাড়িটিতে আসলে কি ঘটেছে আমরা জানিনা। এছাড়া উপ পুলিশ প্রধান বলেছেন, এটা ঠিক এতটা সময় ঐ বাড়িতে তারা ছিল অথচ কেউ দেখলো না। তাই ঐ নারীদের সাক্ষাত্কার না নেয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আশা করছি আমরা প্রকৃত ঘটনা বের করতে পারব।-আল জাজিরা