নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় ৫৫ জন নিহত

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বামা শহরে ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় ৫৫ জন নিহত হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে। সামরিক বাহিনীর মুখপাত্র সগির মুসা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রায় ২ শ’ সশস্ত্র জঙ্গি ওইদিন বাস ও পিক-আপে করে বামা শহরে আসে। প্রথমে তারা সেনাবাহিনীর ব্যারাক ও পরে পুলিশ স্টেশনে হামলা চালায় । এরপর তারা শহরের একটি জেলখানায় ব্যাপক ভাংচুর করে। এ সময় তারা ১০৫জন বন্দিকে সেখান থেকে মুক্ত করে নিয়ে যায়। মুখপাত্র বলেন, ওইদিনের বোকো হারামের হামলায় ২২ পুলিশ কর্মকর্তা, ১৪জন কারা কর্মকর্তা, দুই সৈন্য এবং চার বেসামরিক লোক নিহত হয়। এতে বোকো হারামের ১৩ সদস্যও মারা যায়। ২০০৯ সালে সংগঠনটির উত্থানের পর এটা একটা বড় ধরনের হামলা বলে পুলিশের তরফ থেকে বলা হয়। মুসা বলেন, ভোরবেলা থেকে শুরু হওয়া এ হামলা প্রায় পাঁচঘন্টা ধরে চলে। হামলাকারীদের মধ্যে কেউ কেউ সেদিন সামরিক বাহিনীর পোশাকে ছদ্মবেশ ধারণ করে এসেছিল। বামার পুলিশ স্টেশন সূত্র জানায়, হামলাকারীরা সেনাবাহিনীর ব্যারাক ও পুলিশ স্টেশনে তখন আগুন ধরিয়ে দেয়। উল্লেখ্য, বামা হচ্ছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বোর্নিও রাজ্যের একটি ছোট্ট শহর। আর বোকো হারামের জঙ্গি আস্তানা এ জায়গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।